খিরা নদীর মাটি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল-নদীর মালিক রাষ্ট্র তথা জনগণ। সেই সম্পদ জনগণের সেবায় ঠিকঠাক ব্যবহৃত হচ্ছে কি না, তা দেখভালের দায়িত্ব সরকারের, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের। খাল-নদীর মতো রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার নিয়ে যখন সরকারি কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত নেন, তখন স্থানীয় বাসিন্দাদের সুবিধা-অসুবিধার কথা বিবেচনায় নিতে হয়। নয়তো জন-অসন্তোষ তৈরি হতে পারে। যেমনটি হয়েছে কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের ক্ষেত্রে।

প্রথম আলোর খবর অনুযায়ী, লালমাই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া খিরা নদী খননের পর দুই পাড়ের মাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সিদ্ধান্তে বিক্রি করা হচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন সেখানকার বাসিন্দারা। তাঁরা চান নদী খননের পর যে মাটি পাড়ে রাখা হয়েছে, তা বিক্রি না করে জনসাধারণের জন্য হাঁটার রাস্তা নির্মাণ করা হোক। সেই রাস্তার পাশে বনায়ন করা হোক।

এই দাবি জানিয়ে কুমিল্লার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ নদীপারের বাসিন্দারা। এর আগে তাঁরা প্রতিবাদ সমাবেশও করেছেন। এই প্রক্রিয়া থেকে উপজেলা প্রশাসন সরে না এলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। কিন্তু ইউএনও এলাকাবাসীর দাবিকে আমলে নিচ্ছেন না। তিনি মাটি বিক্রি করার সিদ্ধান্তে অটল আছেন।

ইউএনও যে বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নিয়ে থাকুন না কেন, সেখানে যে স্থানীয় মানুষের চিন্তার প্রতিফলন নেই, সেটি স্পষ্ট। এই সিদ্ধান্তের বিরোধিতায় জনপ্রতিনিধিরাও আছেন। তাই আন্দাজ করতে কষ্ট হয় না, মাটি বিক্রি করার এই সিদ্ধান্তে জনপ্রতিনিধিদের পরামর্শ নেওয়া হয়নি। খিরা নদীর দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। ভুলইন উত্তর ও দক্ষিণ ইউনিয়নের ওপর দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। তার মানে বিপুলসংখ্যক মানুষের জীবনযাপনের সঙ্গে এই নদী জড়িয়ে আছে। এ কারণেই স্থানীয় মানুষের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে বলে প্রতীয়মান হয়।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিছক আমলাতান্ত্রিক অহম চরিতার্থ করার জন্য ইউএনওর নিজ সিদ্ধান্তে অনড় থাকা ঠিক হবে না। খননের পর যে মাটি উঠেছে সে ব্যাপারে স্থানীয় জনগণের যে চাওয়া, তা অযৌক্তিক নয়। নদীর দুই পাড়ে রাস্তা নির্মাণ ও গাছ লাগানোর দাবিকে আমরা যথাযথ বলেই মনে করি। এমন পরিস্থিতিতে ইউএনওকে মাটি বিক্রির যৌক্তিক কারণ তুলে ধরতে হবে। আমরা মনে করি, জনগণকে ক্ষুব্ধ করে ইউএনওর একক সিদ্ধান্তে মাটি বিক্রি করা ঠিক হবে না। প্রয়োজনে এ বিষয়ে স্থানীয়ভাবে গণশুনানি করা যেতে পারে। জনগণকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত নিলে তা সবার জন্য মঙ্গলজনক হতে পারে।