খিলক্ষেতের দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা কোনোভাবেই থামানো যাচ্ছে না। গত রোববার রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় একটি ব্যক্তিগত গাড়ি দুমড়ে–মুচড়ে গিয়ে তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার প্রথম আলোয় প্রকাশিত এ দুর্ঘটনার খবর অনুযায়ী খিলক্ষেতে ব্যক্তিগত গাড়িটিকে ময়মনসিংহ থেকে আসা এনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি হুমড়ি খেয়ে সামনের তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের ওপর গিয়ে পড়ে। এতে গাড়িটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খিলক্ষেতের এই দুর্ঘটনার কারণ বেপরোয়া গাড়ি চালানো। এনা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে পেছন থেকে ব্যক্তিগত গাড়িটিকে ধাক্কা না দিলে এ দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) কাছ থেকে পাওয়া তথ্যমতে, ৪৯ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকদের বেপরোয়া গাড়ি চালানো। চালকদের ওপর করা
গাড়িকে বাসের ধাক্কা, নিহত ৩
জরিপে দেখা গেছে, চালকদের ৮১ শতাংশ প্রশিক্ষণ ছাড়া শুধু ওস্তাদদের কাছ থেকে শিখেই চালক বনে যান। এসব প্রশিক্ষণবিহীন চালক সংগত কারণেই নিয়ম–নীতির ধার ধারেন না। এ ছাড়া চালকের অন্যমনস্কতা, গাফিলতি ও গোঁয়ার্তুমির কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে।
জাতিসংঘের যেসব সদস্যদেশ ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছিল, সে তালিকায় বাংলাদেশও আছে। বেসরকারি সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী, গত বছর ৬ হাজার ৫৮১টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার নির্ধারিত লক্ষ্যমাত্রায় সই করলেও এই লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই বাংলাদেশের।
সড়ক দুর্ঘটনা কমিয়ে অানতে সরকারকেই কার্যকর পরিকল্পনা নিয়ে এগোতে হবে। শুধু প্রশিক্ষণপ্রাপ্ত চালকেরাই যেন লাইসেন্স পান, তা নিশ্চিত করতে হবে। রাস্তায় ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি নামানো বন্ধ করতে হবে। এ ছাড়া দুর্ঘটনার জন্য দায়ী চালকদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবেই কমতে পারে সড়ক দুর্ঘটনা।