খুদে সমাজসৈনিকদের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা যে বৃথা যায় না, তা প্রমাণ করল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একদল খুদে শিক্ষার্থী। অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে তারা। যখন সমাজপতিরা ব্যর্থ ও উদাসীন, তখন কিশোর বয়সীরা আন্দোলন করে মেয়েটির বাবাকে বাল্যবিবাহের সিদ্ধান্ত থেকে সরাতে পেরেছে। কী অসাধারণ ঘটনা! এই কিশোর সমাজসৈনিকদের অভিবাদন।কসবার কালিয়ারা গ্রামের নাছিমা আক্তারের বয়স মাত্র ১৩। এখনই তাকেই বিয়ে দিতে চাইছিল তার পরিবার। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষকসহ সহপাঠীরা তার বাড়িতে গিয়ে মা-বাবাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু মেয়েটির বাবা তাদের তাড়িয়ে দেন। উপায় না পেয়ে স্কুলপড়ুয়া কিশোরেরা সড়ক অবরোধ করে। সেই খবরে টনক নড়ে পুলিশের, ছুটে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তাঁদের মধ্যস্থতায় নাছিমা আক্তারকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন তার বাবা। ছোটদের তাই ছোট ও অক্ষম ভাবার কারণ নেই। শুভবোধে জাগ্রত হলে তারাও ঘটিয়ে দিতে পারে অসাধারণ কোনো কিছু। এই গল্প শুধু ব্রাহ্মণবাড়িয়াতেই নয়, সারা দেশে বাল্যবিবাহের বিপক্ষে আবেগ ও সচেতনতা তৈরি করবে।বাল্যবিবাহ কেবল শিক্ষার পথ থেকে ঝরে পড়ার সমস্যাই নয়। বাল্যবিবাহ জনসংখ্যা বাড়ায়; নারীরা অল্প বয়সেই মা হয়। মা ও শিশুমৃত্যুর বড় একটি কারণও এটি। একটি কিশোরী মেয়েকে বিয়ে দেওয়া মানে জীবন গড়ার সময়টাতেই তার ওপর জীবনের পুরো বোঝা চাপিয়ে দেওয়া। তার স্বাভাবিক বিকাশ তো বন্ধই হয়, অকালেই তার জীবনের আশা-স্বপ্ন শেষ হয়ে যায়।দরিদ্র ও রক্ষণশীল পরিবারের মা-বাবারাই বাল্যবিবাহের দিকে ঝোঁকেন। এই সামাজিক ব্যাধি এখন অনেক কমে এলেও এখনো প্রত্যন্ত অঞ্চলে প্রশাসন ও সমাজের উদাসীনতায় এ রকম বেআইনি কাজ হয়ে চলছে। কসবার ওই শিক্ষার্থীদের এই অসাধারণ কাজ তাই অভিবাদনযোগ্য। তারা প্রতিবাদী না হলে মেয়েটির জীবনের বিপর্যয় কেউ ঠেকাতে পারত না। শিশু-কিশোরদের এ রকম সাহসী ও মহৎ কাজ সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাক। এমনকি পাঠ্যপুস্তকেও গল্পটি স্থান পেতে পারে।