খুনের আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোদ রাজধানী ঢাকার ছয়টি আদালতে ৮১ শতাংশ হত্যা মামলার আসামিদের খালাস পাওয়ার তথ্য উদ্বেগজনক। এই তথ্য যে সত্যকে তুলে ধরছে তা হলো, দেশের বিদ্যমান ফৌজদারি বিচারব্যবস্থায়  সংস্কার আনা জরুরি। প্রচলিত যে ব্যবস্থায় বর্তমানে ফৌজদারি বিচার চলছে, তা বাংলাদেশ সংবিধান তদারকি করার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ওপর ন্যস্ত করেছে।

বিচার চলাকালে অধিকাংশ সাক্ষীর আদালতে না আসা, এমনকি তাদের খুঁজে না পাওয়া একটি দীর্ঘকালীন ব্যাধি। এটা অভ্যাসে পরিণত হয়েছে এবং এই ব্যবস্থার তেমন পরিবর্তনের কোনো প্রয়াসও চলমান আছে বলে জানা যায় না। অপ্রিয় সত্য হলো, উল্লেখযোগ্যসংখ্যক মামলায় তদন্তকারী কর্মকর্তা তথা পুলিশকেই খুঁজে পাওয়া যায় না। একটি মামলায় একাধিক তদন্ত কর্মকর্তা থাকতে পারেন। কিন্তু রূঢ় বাস্তবতা হলো, তদন্ত-সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষ্য ছাড়াই অনেক ক্ষেত্রে বিচার সম্পন্ন করতে হচ্ছে।

এই সমস্যার বিষয়ে আদালত প্রশাসন, পুলিশ এবং সরকারি কৌঁসুলি—সবার তরফে কমবেশি যুক্তি প্রদান করা হয়ে থাকে। মাত্রাভেদে তাতে হয়তো সারবত্তাও থাকবে। কিন্তু এ নিয়ে কোনো বিতর্ক চলে না যে কার্যপ্রক্রিয়াগত ত্রুটি-বিচু৵তির জন্য বহু ক্ষেত্রে সুষ্ঠু বিচার অনুষ্ঠান বাধাগ্রস্ত হচ্ছে। নানাভাবে এ ফায়দা নিতে সক্ষম হচ্ছে আসামিপক্ষ। আরও একটি সত্য হলো, বিচার চলাকালে তদন্তের মারাত্মক গলদ উদ্‌ঘাটিত হয়, যার সুবিধা নেয় আসামিরা। পুলিশের যুক্তি: আদালতের জারি করা সমন পাওয়া যায় না। পিপির যুক্তি: পুলিশ না এলে আমরা কী করব? আর ৪০টি হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ার জন্য আদালত এই দুই পক্ষকে দায়ী করেছেন।

আমরা মনে করি, কয়েকটি বিষয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার। পুলিশ ও পিপিদের মধ্যে সমন্বয় বাড়াতে এবং তাঁদের জবাবদিহি নিশ্চিত করতে পারলে বিদ্যমান নাজুক পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটানো সম্ভব। আশা করব, সংবিধানের ১০৯ অনুচ্ছেদের আওতায় হাইকোর্ট বিভাগও তঁার সাংবিধানিক তদারকি জোরালো করবেন।