খুনের আসামি সংসদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনের মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাংসদ আমানুর রহমান খান ওরফে রানার গত মঙ্গলবার জাতীয় সংসদে এসে হাজিরা খাতায় সই দিয়ে নির্বিঘ্নে চলে যাওয়ার ঘটনাটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যার চার্জশিটভুক্ত ১০ আসামির মধ্যে সাংসদ আমানুর ছাড়াও তাঁর তিন ভাই রয়েছেন।
আদালত যখন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তখন আইনপ্রণেতা ও একজন আইনানুগ নাগরিক হিসেবে তাঁর উচিত ছিল আদালতে আত্মসমর্পণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। তিনি সেটি না করে সাংসদ পদ রক্ষার জন্য কূটকৌশলের আশ্রয় নিয়েছেন।
সাংসদ আমানুরের সংসদে যাওয়া ও আসা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবনে শত শত লোকের আসা-যাওয়ার মধ্যে নিরাপত্তারক্ষীরা তাঁকে চিনতে না পারার যে দোহাই দিয়েছেন, তা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টামাত্র। আদালতের পরোয়ানা জারির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য হলো তাঁকে যেখানে পাবে, সেখান থেকেই গ্রেপ্তার করবে। কিন্তু আমানুরের অবাধ গতিবিধিতে ধরে নেওয়া যায় যে আইন এখানে নিজস্ব গতিতে চলেনি।
সংসদে গিয়ে হাজিরা খাতায় সই দিলেন পলাতক সাংসদ সংসদের কার্যপ্রণালি বিধিতে আছে, সংসদ অধিবেশন চলাকালে সংসদ এলাকা থেকে কোনো সাংসদকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতি লাগবে। কিন্তু এই বিধি আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী ব্যক্তির জন্য প্রযোজ্য হতে পারে না। আমানুর তো সংসদ অধিবেশনে যোগই দেননি; তাহলে তিনি অধিবেশন চলাকালীন বাড়তি সুযোগও পেতে পারেন না।
অধিবেশনে­ যোগ না দিয়ে এ রকম হাজিরা খাতায় সই দিয়ে সদস্যপদ রক্ষার ঘটনা আগেও ঘটেছে; যা গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে সংসদের কার্যপ্রণালি বিধিতে অস্পষ্টতা থাকলে তার সংশোধন দরকার। বিধির ফাঁকফোকর দিয়ে জনগণ ও জাতীয় সংসদের সঙ্গে প্রতারণা চলতে পারে না।
আইন-আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সাংসদের তকমা ব্যবহার করছেন, ততক্ষণ স্পিকার তাঁর বিষয়ে নির্লিপ্ত থাকতে পারেন না। এ ব্যাপারে তাঁরও কিছু করণীয় রয়েছে।