রাজধানীর পূর্ব কাজীপাড়ায় সরকারপন্থী ছাত্রলীগের একজন নেতা খুন হলেন সন্ত্রাসীদের গুলিতে, আর ব্যাপক ভাঙচুরের ক্ষতির শিকার হলেন শতাধিক যানবাহনের মালিকেরা। অপরাধ করে কে, আর শাস্তি হয় কার!না, এটা কোনো নতুন ঘটনা নয়। খুন পর্যন্ত যেতে হয় না, সড়কে একটি মোটরযানের নিচে চাপা পড়ে কোনো একজন মানুষ মারা গেলেও শত শত যানবাহন ভাঙচুরের শিকার হয়, যেসব যানবাহনের সঙ্গে ওই প্রাণঘাতী দুর্ঘটনার কোনো সম্পর্কই থাকে না। ‘ক্ষুব্ধ জনতা’ যেন সব বিবেচনাশক্তি হারিয়ে ফেলে মেতে ওঠে যথেচ্ছ ধ্বংসযজ্ঞে।কিন্তু রোববার দুপুরে পূর্ব কাজীপাড়ায় রাস্তা অবরোধ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ যাঁরা চালিয়েছেন, তাঁরা সাধারণ জনতা নন, ক্ষমতাসীন আওয়ামী লীগের স্নেহধন্য ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী। ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের ‘সন্ত্রাসীরা’ হত্যা করেছে তাদের নেতা, ৯৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফজলুল হক পাটোয়ারীকে। কিন্তু এ অভিযোগে সড়ক অবরোধ করে নির্দোষ সাধারণ মানুষের যানবাহন ভাঙচুর করার যুক্তিটা কী, তা বোঝা বড়ই কঠিন। যাঁরা এ রকম ধ্বংসযজ্ঞ চালান, তাঁরা কি এটাও বুঝতে পারেন না যে ক্ষোভ-প্রতিবাদ প্রকাশের এ সহিংস পন্থাটি গুরুতর ফৌজদারি অপরাধ? নাকি তাঁরা নিজেদের আইনের ঊর্ধ্বে বলে মনে করেন? সরকারি প্রশাসন ও ক্ষমতাসীন দল অভিযোগ করে, রাজনৈতিক কর্মসূচিসহ যেকোনো অজুহাতে রাস্তাঘাটে যানবাহন ভাঙচুর করাসহ ধ্বংসযজ্ঞে মেতে ওঠেন বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা। সাম্প্রতিক সময়ে যানবাহন ভাঙচুরের অভিযোগে প্রধান বিরোধী দল বিএনপির প্রথম সারির অনেক নেতাসহ প্রচুর কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে অনেককে। বিরোধী দল হরতাল ডাকলেই হাজার হাজার মানুষকে আসামি করে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগে মামলা করা এ সরকারের একটি নিয়মিত কৌশলে পরিণত হয়েছে। ‘ছাত্রলীগ নামধারী’ হোক বা যারাই হোক, রোববার পূর্ব কাজীপাড়ায় যাঁরা শতাধিক যানবাহন ভাঙচুর করেছেন, তাঁদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের বক্তব্য কী? কেন তাঁদের একজনকেও আটক বা গ্রেপ্তার করা হয়নি? কেন কয়েক শ জনকে আসামি করে মামলা করা হয়নি? শুধু রোববারের ঘটনাই নয়, বিরোধী দলগুলোর ডাকা হরতাল ‘প্রতিহত’ করতে সরকারপন্থীরাও ভাঙচুর ও সহিংসতায় লিপ্ত হলেও তাদের ক্ষেত্রে আইন প্রয়োগ করা হয় না। আইন প্রয়োগের ক্ষেত্রে এই একচক্ষু নীতি ত্যাগ করতে হবে। রোববারের যানবাহন ভাঙচুরকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।