খুলনা মহানগরের পরিচ্ছন্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচ্ছন্ন মহানগর হিসেবে খুলনার সুনাম ছিল সুবিদিত। কিন্তু সেই শহরেই কিনা যত্রতত্র আবর্জনার স্তূপ। কারণ হিসেবে বিভিন্ন কারিগরি অসুবিধার কথা প্রশাসনের তরফে বলা হলেও দৃশ্যত নগর প্রশাসনে শিথিলতা দেখা যাচ্ছে। এ রকমটা চলতে দেওয়া ঠিক নয়।
গতকাল সোমবারের প্রথম আলোর প্রতিবেদনে খুলনা নগরের আবর্জনা নিষ্কাশনের দুর্দশার সচিত্র বিবরণ প্রকাশিত হয়েছে। নগরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়ার রাস্তাগুলোর ওপরও ময়লা জমে থাকতে দেখা যাচ্ছে। সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়িগুলোর কাজও হয়ে পড়ছে অনিয়মিত। বিদ্যালয়, বিপণিবিতানসহ আবাসিক এলাকাগুলোয় অনেক বেলা পর্যন্ত আবর্জনা পড়ে থাকলে, সেগুলো দুর্গন্ধ ছড়ালে শিশুদের পড়ালেখাসহ নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়।
সড়কে সড়কে আবর্জনার স্তূপপ্রতিবেদন থেকেই দেখা যাচ্ছে, সিটি করপোরেশনের এ–বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ময়লা স্থানান্তর কেন্দ্র তৈরি না হওয়াকে দায়ী করছেন। এর জন্য জমি না পাওয়াকেই কারণ বলে মনে করছেন তাঁরা। জেলা প্রশাসন এবং খুলনা নগর উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) জমি বরাদ্দ নিয়ে যার যার দায় এড়িয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা তাতে বসে থাকছে না।
প্রশ্ন উঠেছে, খুলনার নির্বাচিত মেয়র বিএনপি-সমর্থিত হওয়ায় চাপের ওপর আছেন। এমনকি মামলা-মোকদ্দমা দিয়ে তাঁকে বরখাস্ত করাও হতে পারে বলে গুজব রয়েছে এবং এ বিষয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হচ্ছে। একই কথা অনেক কাউন্সিলরের বেলাতেও প্রযোজ্য। এ ধরনের পরিস্থিতিতে কারও পক্ষেই যথাযথভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। আমরা আশা করব, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অরাজনৈতিক নগরপিতার পদকে ভারাক্রান্ত কিংবা বিপন্ন করা হবে না। কেননা, এর ভুক্তভোগী হবে সাধারণ নগরবাসী। ইতিমধ্যে এর লক্ষণও দেখা দিয়েছে।
খুলনা বিভাগীয় শহর, খুলনা নৌঘাঁটি, বিশ্ববিদ্যালয় এবং নাগরিক কেন্দ্র হিসেবে অনেক গুরুত্বপূর্ণ জনপদ। একই সঙ্গে কম ঘনবসতিপূর্ণ এবং উন্মুক্ত স্থানের প্রাচুর্য নিয়ে খুলনাকে অতি সহজেই সুন্দর মনোরম রাখা ও সেভাবে আরও বিকশিত করা সম্ভব।