ইউএন হ্যাবিট্যাটের ২০১৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে খুলনা শহরের জনসংখ্যা ছিল ১২ লাখ ৪৭ হাজার; ২০১৪ সালে তা কমে দাঁড়ায় ১০ লাখ ৩৫ হাজারে। অথচ দেশের অন্যান্য শহরের জনসংখ্যা বাড়ছে। এই প্রেক্ষাপটে বিভাগীয় শহর খুলনার জনসংখ্যা কমে যাওয়া কেবল অস্বাভাবিক নয়, উদ্বেগজনকও।
খুলনা অনেক পুরোনো শহর। পাকিস্তান আমলে অনেক পাট ও বস্ত্র কারখানা গড়ে ওঠায় শহরের বিস্তৃতি ঘটে। এ ছাড়া দেশের একমাত্র নিউজপ্রিন্ট মিলটিও এখানে প্রতিষ্ঠিত হয়। এসব শিল্পকারখানাকে কেন্দ্র করে খুলনায় নতুন নতুন বসতি গড়ে ওঠে এবং ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটতে থাকে। এই ধারা গত শতকের আশির দশক পর্যন্ত অক্ষুণ্ন ছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, স্বাধীনতার পর কোনো সরকারই খুলনা অঞ্চলের উন্নয়ন-অগ্রগতির প্রতি তেমন নজর দেয়নি। বরং সরকারের অদক্ষতা, দুর্নীতি ও সুষ্ঠু পরিকল্পনা না থাকার কারণে একের পর এক রাষ্ট্রায়ত্ত পাট ও বস্ত্রকল বন্ধ হয়ে যায়। যেসব কারখানা এখনো আছে, তা চলছে ধুঁকে ধুঁকে। বেসরকারি শিল্পকারখানা প্রতিষ্ঠার উদ্যোগও কম। একটি ঐতিহ্যবাহী শহরের জন্য এটি খুবই বেদনাদায়ক।
খুলনায় জনসংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ফারাক্কা বাঁধের প্রতিক্রিয়া, পানির লবণাক্ততা বৃদ্ধি, মোংলা বন্দর অকার্যকর থাকাকে দায়ী করেছেন। এর আগে বার্ষিক বাজেটসহ সরকারের বিভিন্ন রিপোর্টে অর্থনৈতিকভাবে খুলনা অঞ্চল পিছিয়ে পড়ার উল্লেখ থাকলেও তা উত্তরণের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না। পদ্মা সেতু, মোংলা ইপিজেড, রামপাল বিদ্যুৎকেন্দ্র, খানজাহান আলী বিমানবন্দর—এসব প্রকল্পের কাজ শেষ হলে খুলনায় মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে আশা করছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। কিন্তু সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে না পারলে জনসংখ্যা হ্রাসের এই ধারা থামানো কঠিন হবে।
বর্তমান সরকার টেকসই ও সমতাভিত্তিক উন্নয়নের কথা জোর গলায় প্রচার করছে। কিন্তু উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কাঠামোয় তার প্রতিফলন পাওয়া যাচ্ছে না। খুলনার পরিবেশানুকূল শিল্পকারখানা গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা নিশ্চিত করেই ঐতিহ্যবাহী এই শহরটিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে হবে। সবকিছু ঢাকামুখী করার আত্মঘাতী প্রবণতা থেকে বেরিয়ে আসতে না পারলে কেবল খুলনা নয়, অন্যান্য বিভাগীয় শহরের ক্ষয় রোধ করা যাবে না।