খুলনায় পানি নিয়ে দুর্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে পানির সমস্যা এখন যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এটাকে গুরুতর বলেই মানতে হচ্ছে। পুরো গ্রীষ্ম এখনো আসেনি, কিন্তু পানির স্তর যে হারে নিচে নামছে, তাতে নগরের ৬০ ভাগ নলকূপে পানি না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রকৃতি, মানে দ্রুত বৃষ্টির জন্য আশা করা ছাড়া এখন নগরবাসীর সামনে আর কোনো পথ নেই।
খুলনা ওয়াসার জরিপের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট মাসে যেখানে নগরের বিভিন্ন স্থানে পানির স্তর ছিল ১৬ থেকে ১৯ ফুটের মধ্যে, সেখানে চলতি বছরের ফেব্রুয়ারিতে কোথাও কোথাও তা সর্বোচ্চ ২৪ ফুটে দাঁড়িয়েছে। এখন মার্চের শেষে দেখা যাচ্ছে তা ২৭ থেকে ২৮ ফুট নিচে নেমে গেছে। বৃষ্টি না হলে পানির স্তর আরও নিচে নামবে এবং তাতে নগরের ৬০ ভাগ নলকূপ দিয়ে পানি না ওঠার পরিস্থিতি তৈরি হবে।
৬০ ভাগ নলকূপে পানি না পাওয়ার শঙ্কানগরের পানির চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ করতে পারে খুলনা ওয়াসা। ফলে নগরবাসী নিজেদের উদ্যোগে হাতে চালানো নলকূপ ও নলকূপে পাম্প লাগিয়ে তাদের চাহিদা মেটাত। এখন পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে যদি এই নলকূপগুলো অকার্যকর হয়ে পড়ে, তবে সেখানে কার্যত বিপর্যয় দেখা দেবে। এই পরিস্থিতিতে ওয়াসা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সময় পাম্প চালিয়ে সমস্যা সমাধানের যে উদ্যোগ নেওয়ার কথা বলেছে, তা সংকটের যে মাত্রা, তার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না।
এই যে সমস্যা আজ এখানে এসে দাঁড়িয়েছে, এর মূলে রয়েছে ভবিষ্যৎমুখী চিন্তা ও পরিকল্পনার অভাব। ১৫ লাখ মানুষের নগর খুলনায় যেখানে পানির চাহিদা প্রতিদিন ২৪ কোটি লিটার, সেখানে ওয়াসার পানি সরবরাহের পুরোটাই ভূগর্ভস্থ পানিনির্ভর। বর্তমান পরিস্থিতির দায় তাই প্রকৃতির ওপর চাপানোর সুযোগ নেই। এর মূলে রয়েছে নীতিনির্ধারকদের অদূরদর্শিতা। তা না হলে মধুমতী নদী থেকে পানি এনে তা পরিশোধন করে সরবরাহ করার মতো প্রকল্প আরও আগেই নেওয়া হতো এবং এখনো বাস্তবায়নাধীন থাকত না।