জেল, জরিমানা, মামলাসহ নানা রকম হয়রানির শিকার হয়ে একটি উপজেলার সব সাংবাদিককে যদি ভয়ে পালিয়ে থাকতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা বলে কিছু থাকে কি? খুলনার বটিয়াঘাটা উপজেলাটি এখন সাংবাদিকশূন্য। দুটি প্রেসক্লাব তালাবদ্ধ! কারণ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কিছু অন্যায়ের প্রতিবাদে একটি মানববন্ধনের খবর পত্রিকায় ছাপা হওয়ায় নাকি ইউএনও মহাশয়ের রোষের খড়্গ তাঁদের ওপর নেমে এসেছে। তাহলে কি সাংবাদিকেরা সংবাদ লিখতে বা ছাপাতে পারবেন না? ভুল খবর হলে প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে পারে। এ জন্য প্রেস কাউন্সিলও রয়েছে।
যত ধরনের প্রতিবাদ রয়েছে, তার মধ্যে মানববন্ধন হলো সবচেয়ে শান্তিপূর্ণ পদক্ষেপ। মানববন্ধনের অভিযোগ যদি ভিত্তিহীন হয়, সে বিষয়ে ইউএনও আইনগত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু মানববন্ধনের সত্য খবর প্রকাশকে উপলক্ষ করে সাংবাদিকদের বিরুদ্ধে ইউএনওর কোনো হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণের ভিত্তি থাকতে পারে কি?
এটা ঠিক যে মানববন্ধনের খবর প্রকাশের সরাসরি অভিযোগ এনে কারও বিরুদ্ধে হয়রানি করা হচ্ছে না। কিন্তু ওই সংবাদ প্রকাশের পর ইউএনও কেন দৈনিক সংবাদ পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধিকে বকাঝকা করলেন? এর দুই দিন পরই কেন তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তথাকথিত অভিযোগ এনে ওই সাংবাদিককে জরিমানা, অনাদায়ে তিন মাসের জেল দিলেন। এটা কি কাকতালীয় ঘটনা ছিল? এরপর একই কায়দায় স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাঁদের এলাকাছাড়া করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
খুলনা জেলা প্রশাসক জানিয়েছেন, অভিযুক্ত ইউএনও মাদক থেকে শুরু করে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আগে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এটা যদি সত্য হয়ও, তাও সাম্প্রতিক অভিযোগের তদন্ত করে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযোগ ভিত্তিহীন হলে খুলনার নয়টি ইউনিয়নের সাংবাদিকেরা গতকাল মানববন্ধন করতেন না। অবিলম্বে বটিয়াঘাটার সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন।