কল্পনাও যেন আটকে যাচ্ছে। অসহ্য লাগছে সবকিছু, কেমন যেন অস্থির অস্থির লাগছে, গা গুলাচ্ছে...চারদিকে লাশের গন্ধ, শুধুই লাশের মিছিল...হাজার হাজার মানুষের আহাজারি, বুক চাপড়ানো কান্না...‘অ বাজান, আমার পোলাডারে আইন্না দেও...একবার আমার মার মুখটা দেহাও, অ মা মা গো...’ মানুষের হূদয়ছেঁড়া কান্নায় ভারী হয়ে উঠেছে সাভারের আকাশ-বাতাস। উদ্ধার হওয়া মৃত মানুষের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। রাত নয়টার দিকে মাইকে কন্ট্রোল রুমের বরাত দিয়ে ঘোষণা করা হয়, একটা কক্ষে ৪০ জনের সন্ধান পাওয়া গেছে। তাঁরা সবাই বেঁচে আছেন। রাত ১২টা পেরিয়ে যাচ্ছে, বের করে আনা সম্ভব হয়নি।উদ্ধার করা একটি লাশের হাতে ছোট্ট এক চিঠি, ‘আব্বা-আম্মা আমারে মাফ কইরা দিও। তোমাদের আর ওষুধ কিনে দিতে পারব না। ভাই, আব্বা-আম্মার দিকে খেয়াল রাখিস।’ মা মৃত মেয়ের চিঠি হাতে নিয়ে কাঁদছেন, আর বারবার বেহুঁশ হয়ে পড়ছেন।‘মেয়ের লাশটা দেন, ঢাকায় থাকমু না। ওরে আল্লা রে, সব মৃত্যু কি এই গরিবের জন্য রাখছিলা! আমার যে আর কেউ রইল না। দুই মেয়ের এক মেয়ে তাজরীনে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ছোট মেয়ে শরিফা পারভিন রানা প্লাজার তৃতীয় তলায় কাজ করে। খবর পেয়ে দৌড়ে এসেছি। কোথাও খুঁজে পাচ্ছি না। মেডিকেলেও অনেক খোঁজাখুঁজি করছি। কিন্তু পাই নাই, জানি না আমার ময়না বেঁচে আছে না মরে গেছে।’ এভাবেই সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের পাশে বসে গতকাল বিলাপ করছিলেন আর মূর্ছা যাচ্ছিলেন ঝরনা বেগম।উদ্ধারকাজে ব্যাপক অব্যবস্থাপনা, সরকারি বাহিনীর কাছে যথেষ্ট আধুনিক যন্ত্রপাতি নেই, দক্ষ জনশক্তি নেই। সবাই নিজের মতো করে চেষ্টা করছেন উদ্ধারকাজে সহযোগিতা করতে। এর মধ্যে সাধারণ মানুষ, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক, রানা প্লাজার চারটি পোশাক কারখানার আটকে পড়া শ্রমিকদের স্বজন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাদ্রাসার শিক্ষার্থী, এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা সাহায্যের হাত বাড়িয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিক ও পাড়ার যুবকেরাই সবচেয়ে বেশি উদ্ধারকাজ করছেন। একেকবার সামান্য সুড়ঙ্গ দিয়ে জীবন বিপন্ন করে ঢোকেন, বিধ্বস্ত দেয়ালে গর্ত করে ঢুকে পড়ছেন তাঁরা। উদ্ধার করে আনছেন মুমূর্ষু শ্রমিকদের, কাঁধে করে আনছেন মানুষের লাশ। খাওয়ার পানি, অক্সিজেন নিয়ে ঢুকে যাচ্ছেন, দু-তিন ঘণ্টা পর পর বেরিয়ে আসছেন দৈহিক-মানসিক বিধ্বস্ততা নিয়ে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হাতুড়ি, বাটালি, শুকনো খাবার, পানি, অক্সিজেন, স্প্রে নিয়ে ফের ঢুকে যাচ্ছেন ভেতরে। এক ঘোরের মধ্যে কাজ করে যাচ্ছেন মানুষগুলো। যাঁরা তেমন কিছু করতে পারছেন না, তাঁরা বসে গেছেন খাওয়ার পানিভর্তি ড্রাম, স্যালাইন, জগ-গ্লাস নিয়ে; ডেকে ডেকে পানি খাওয়াচ্ছেন। কেউ কেউ বসে গেছেন আহত-নিহত ব্যক্তিদের স্বজনদের সান্ত্বনা দিতে। খেটে খাওয়া মানুষের আশ্চর্য মানবতাবোধের প্রমাণ পেলাম।শেষ পর্যন্ত দেশের সাধারণ মানুষই আমাদের প্রধান ভরসা। এ বিপর্যয়ে সাধারণ মানুষ যেভাবে অসহায়, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, রক্ত দিচ্ছেন, উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ছেন, তা অভাবনীয়। আর এখানেই আমাদের এই ভূখণ্ডের মানুষের মূল শক্তি, যুগে যুগে জাতীয় প্রতিটি ক্রান্তিকালে জাতি এভাবেই বারবার জেগে ওঠে। এনাম হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত শ্রমিকের সংখ্যা বাড়ছেই। সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ, ভেতরে আটকে পড়া শ্রমিকদের আত্মীয়-পরিজনদের অভিযোগ, সরকারি উদ্ধারকর্মী সেনাবাহিনীর লোকজন উদ্ধারকাজে যথেষ্ট তৎপর নন, আন্তরিক নন। ‘ভাই দেহেন, ওরা খালি খাড়াইয়া থাহে। কেউ ভিত্রে যায় না ডরে, আমরাই ভিত্রে যাই, যদ্দুর পারছি, চেষ্টা করছি নিজেরাই...।’ ধসে পড়া ভবনের পেছনের দিকে, দক্ষিণ-পূর্ব দিকে আটকে পড়া মানুষের সংখ্যা বেশি। সেনাবাহিনীর বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম, উদ্ধারকাজের জন্য যথেষ্ট পরিমাণ আধুনিক সরঞ্জামের অভাব আর এ-জাতীয় বিপর্যয়ের জন্য দক্ষ উদ্ধারকর্মীর অভাবে সদিচ্ছা থাকা সত্ত্বেও কাজ ভালোভাবে এগোচ্ছে না। একের পর এক ঘটনা ঘটেই চলে, এর কোনো সমাধান নেই। স্পেকট্রাম, তাজরীন, রানা প্লাজা...কিছুই হয় না শেষ পর্যন্ত, সরকারের ছত্রচ্ছায়ায় অপরাধীরা পার পেয়ে যায়। প্রতিটি দুর্ঘটনায় মারা যান সাধারণ গরিব মানুষ; যাঁরা নিজেদের শ্রম দিয়ে, ঘাম দিয়ে টিকিয়ে রাখেন বাংলাদেশের অর্থনীতি। বিনিময়ে তাঁরা পান পাহাড়সমান অবহেলা।দুমুঠো ভাতের জন্য গ্রাম ছেড়ে মা-বাবা-ভাই-বোন, আত্মীয়-পরিজন ছেড়ে তাঁরা ঢাকা শহরে আসেন শ্রম বিক্রি করতে। এই গরিব পোশাকশ্রমিকদের রক্ত পানি করা শ্রমের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরে। আর আমরা, সমাজের সুবিধাভোগী শ্রেণীর মানুষেরা নিম্নবিত্তের মেহনতি মানুষকে ঠকিয়ে, লোপাট করা ভাগটুকু বিলাস-ব্যসন, আমোদ-ফুর্তিতেই খরচ করি। বিনিময়ে এই মুনাফামত্ত শহর ওই হতভাগা মানুষগুলোকে লাশ বানিয়ে পাঠায় গ্রামে।গভীর রাতে সাভারের মৃত্যুর কারখানা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে যেতে মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা, ‘কার নিন্দা কর তুমি, এ আমার পাপ, এ তোমার পাপ।’ শাহেদ কায়েস: কবি ও মানবাধিকারকর্মী।