খেলাপি ঋণ কোথায় গিয়ে ঠেকছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতির যে আকার তাতে এতগুলো বাণিজ্যিক ব্যাংকের আদৌ কোনো প্রয়োজন নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এটা কোনো লুকানো বিষয় নয় যে নতুন বা চতুর্থ প্রজন্মের এই ব্যাংকগুলোর অনুমোদন মিলেছে রাজনৈতিক বিবেচনায়। ছোট অর্থনীতির এই দেশের ব্যাংকিং ব্যবসায় নতুন ব্যাংকগুলো বাড়তি চাপ হিসেবে হাজির হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায়, পুরো ব্যাংকিং খাত এক অসুস্থ প্রতিযোগিতার মধ্যে পড়েছে। মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যাংকগুলোকে আগ্রাসী ব্যাংকিং না করতে, অসম প্রতিযোগিতা থেকে দূরে থাকতে ও খেলাপি ঋণ কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে।

একই দিন দৈনিক বণিক বার্তায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, পুরোনো ৩৮টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬৬ হাজার ৭২৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই খেলাপি ঋণ ব্যাংকগুলোর মূলধনের ৯৪ শতাংশ। এই পরিস্থিতিকে ভয়াবহ মানতেই হচ্ছে। নতুন ব্যাংকগুলো এই বাস্তবতার মধ্যেই ব্যবসা শুরু করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে যে এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বছর বছর বেড়েই চলেছে।

এটা মানতেই হচ্ছে যে সরকার নিজের স্বার্থ ও রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়ায় ব্যাংকিং খাত এক অসুস্থ প্রতিযোগিতার মধ্যে পড়েছে। ফলে ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই না করেই গ্রাহকদের ঋণ দিচ্ছে। অসুস্থ প্রতিযোগিতার মুখে বলা যায়, ব্যাংকগুলো একধরনের আগ্রাসী ব্যাংকিংয়ের পথ ধরেছে। নতুন ব্যাংকগুলোর সর্বশেষ আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমাতে কিছু নির্দেশনা দিয়েছে। নতুন ব্যাংকগুলোর তরফেও কিছু প্রস্তাব রাখা হয়েছে। তবে দেশের পুরো ব্যাংকিং খাতকে একটি অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়ে এ ক্ষেত্রে কতটা সফলতা পাওয়া যাবে, সেটা সত্যিই এক বড় প্রশ্ন।