ব্যাংক–ব্যবস্থার মধ্যে খেলাপি ঋণের ব্যাধি ক্রমশ আরও গভীর হলেও চিকিৎসার বদলে বরং রোগেরই সেবা করা হচ্ছে। ফলে খেলাপি ঋণ বাড়তে থাকছে আর দুর্বল হতে থাকছে ব্যাংকের স্বাস্থ্য। অর্থনীতির জন্য, জনগণের আমানতের সুরক্ষার জন্য এটা কোনো ভালো সংবাদ নয়।
জনগণের আমানতের সুরক্ষা দিতে না পারলেও নিয়মিতভাবে ঋণ খেলাপের সুযোগ করে দিচ্ছে ব্যাংকগুলো। ২০১৬ সালের শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও বেড়েছে। ২০১৫ সালের তুলনায় ১০ হাজার ৮০১ কোটি টাকা বেড়ে তা এখন হয়েছে ৬২ হাজার ১৭২ কোটি টাকা! কিন্তু এর সঙ্গে অবলোপন বা মওকুফ করা ৪২ হাজার কোটি টাকার ঋণ যোগ করলে খেলাপি ঋণের সত্যিকার পরিমাণ দাঁড়ায় ১ লাখ কোটি টাকার বেশি। ব্যাংক–ব্যবস্থার মাধ্যমে ১ লাখ কোটি টাকার বেশি অর্থ বেহাত হওয়া কি মারাত্মক অন্যায় নয়?
জনগণের আমানত থেকে শুধু এই পরিমাণ অর্থ তছরুপই হয়নি, এর কুপ্রভাবে গ্রাহকদের আমানতের সুদও কমে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকেই সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে।
বছরের শেষে আর্থিক হিসাব ভালো দেখাতে ব্যাংকগুলো প্রায়শই ঋণ পুনঃ তফসিলের নামে খেলাপের ব্যবস্থা করা হয়। এর সুফল হিসেবে শেয়ারধারীরা আরও বেশি হারে লভ্যাংশ পান বটে, কিন্তু কমে যায় সাধারণ গ্রাহকের টাকার ওপর প্রাপ্য সুদের হার। একটা দুষ্টচক্র এই পদ্ধতিতে ব্যাংকের পর ব্যাংক ফাঁকা করে শক্তিশালী হয়ে উঠছে। অন্যদিকে খেলাপি ঋণের দায় গিয়ে চাপছে সাধারণ গ্রাহকের ওপর। খেলাপি ঋণ বেড়ে যাওয়া মানে ব্যাংকের মূলধনের ওপর আঘাত। এ এক আশ্চর্য প্রক্রিয়া, যেখানে ব্যাংক নিজে দেউলিয়া হয়ে গেলেও খেলাপি ঋণ উদ্ধারে এগিয়ে যেতে পারে না।
দায়িত্বশীল অর্থনীতিবিদ থেকে শুরু করে সবাই খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়ার দাবি তুলে আসছেন। কিন্তু দেখা যায়, ওই সব ঋণগ্রহীতা রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। তাঁরাই অর্থনীতিকে শুষে উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন। আরেকটি ব্যাংক বিপর্যয় ঠেকাতে তাঁদের বিরুদ্ধে জোরদার পদক্ষেপের এখনই সময়।