খেলাপি ঋণ আদায়ে পূর্বাপর সরকারগুলোর তরফে বিভিন্ন সময়ে নানা রকম তোড়জোড় শোনা গেছে এবং উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, গত তিন দশকে খেলাপি ঋণের অঙ্ক জ্যামিতিক হারে বেড়ে চলেছে। বর্তমান সরকারের আমলে অর্থনীতির গতি চাঙা হয়েছে, প্রবৃদ্ধির হার ৭ শতাংশ থেকে বেড়ে ৮ শতাংশের বেশি হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। কিন্তু এত সব সুসংবাদের মধ্যেও বড় দুঃসংবাদ হলো খেলাপি ঋণের পরিমাণ। কিছু ঋণখেলাপি নানা ছলচাতুরীর মাধ্যমে সম্পদ লুট করে চলেছে। এমনকি হল-মার্ক, বেসিক ব্যাংক কেলেঙ্কারির পরও সরকারের হুঁশ হয়েছে বলে মনে হয় না।
যেখানে ২০০৯ সালের শুরুতে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা, সেখানে ২০১৮ সাল শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৯৩ হাজার ৯১১ কোটি টাকা। এর সঙ্গে অবলোপন করা ৩৭ হাজার ৮৬৬ কোটি টাকা যোগ করলে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকার বেশি। এটি ব্যাংকিং খাতে সুশাসনের মারাত্মক ঘাটতিরই প্রমাণ দেয়। সরকারের মন্ত্রীরা মাঝেমধ্যে খেলাপি ঋণের বিরুদ্ধে উচ্চবাচ্য করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। এটি মস্ত দুশ্চিন্তার কারণ।
ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সরকার আরেক দফা তাঁদের ছাড় দিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে মোট ঋণের মাত্র ২ শতাংশ এককালীন জমা (ডাউন পেমেন্ট) দিয়ে একজন ঋণখেলাপি নিয়মিত গ্রাহক হয়ে যেতে পারবেন এবং বাকি ঋণ তাঁকে ১২ বছরের মধ্যে শোধ করতে হবে। ঋণের সুদহার ১০, ১২ বা ১৫ শতাংশ যা-ই থাকুক না কেন, নেওয়া হবে মাত্র ৭ শতাংশ হারে। আগামী এক মাসের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে, যা কার্যকর হবে আগামী ১ মে থেকে। গত সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যাংক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান।
অর্থমন্ত্রীর এই আগাম ঘোষণা খেলাপি ঋণ আদায়ে সহায়ক ভূমিকা রাখবে কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ব্যাংকের কয়েকজন শীর্ষ নির্বাহী জানিয়েছেন, সরকার থেকে ঋণের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া হবে, এমন আশ্বাস দেওয়ার পর অনেক ঋণগ্রহীতা আর টাকা শোধ করছেন না। তাঁরা সুদের হার কমানো-সংক্রান্ত প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন। এর আগে ২০১৫ সালে ঋণখেলাপিদের জন্য ঋণ পুনর্গঠন নীতিমালা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন ১১টি শিল্প গ্রুপের ১৫ হাজার কোটি টাকার ঋণ নিয়মিত করে বড় ধরনের সুবিধা দেওয়া হয়। তবে সুবিধা পাওয়ার পরও দুটি গ্রুপ ছাড়া আর কেউ টাকা পরিশোধ করেনি।
সুযোগ-সুবিধা বাড়িয়েও যে খেলাপি ঋণ আদায়ে ফল মেলে না, তা প্রমাণিত। অর্থমন্ত্রী বেশ কিছু সদুপদেশ দিয়েছেন খেলাপিদের প্রতি। কিন্তু ব্যাংকের অর্থ মেরে দেওয়া যাঁদের উদ্দেশ্য, এসব সদুপদেশ তাঁরা শুনবেন কিংবা বাড়তি সুবিধা পেয়ে তাঁরা সুপথে আসবেন—আমাদের অভিজ্ঞতা তা বলে না। আর ঋণখেলাপিদের সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়ার বিষয়টি নৈতিক বিচারেও গ্রহণযোগ্য নয়। ঋণখেলাপিদের দৌরাত্ম্য ও দুর্বৃত্তপনা বন্ধ করতে যা প্রয়োজন, তা হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ। আইনে কোনো ফাঁক–ফোকর থাকলে সেটি বন্ধ করতে হবে। অর্থঋণ আদালতে একটি মামলা ঠুকে ঋণখেলাপিরা বছরের পর বছর ঋণ আদায় প্রক্রিয়া স্থগিত করে দিতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।
সরকার সে কাজটি করতে প্রস্তুত আছে কি না, তার ওপরই নির্ভর করছে, খেলাপি ঋণের পরিমাণ কমবে না বাড়বে। ঋণখেলাপিদের আরও সুবিধা দিয়ে ফল মিলবে, এমন আশাবাদকে দুরাশা বলেই মনে হয়।