খোলাবাজারে চাল বিক্রি নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্তু রমজান মাসে যে গুটি ও স্বর্ণা জাতের মোটা চাল কেজিপ্রতি ২৮ থেকে ৩০ টাকায় মিলত, সেই চালের দাম ৪০ টাকায় উন্নীত হওয়ার কী কারণ থাকতে পারে? তা–ও এমন সময়ে, যখন সরকার ৫০ লাখ গরিব পরিবারকে কেজিপ্রতি ১০ টাকা দরে চাল বিক্রির ঘোষণা দিয়েছে। গরিবদের কম দামে চাল দেওয়ার উদ্যোগ ভালো। কিন্তু ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা গরিবদের হক মেরে দিচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। এই ছদ্মবেশী গরিবেরা নিজেদের ভোগের জন্য এই চাল ক্রয় করছেন না; বরং মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এর প্রতিকার কী?

চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে কেউ কেউ ভারত থেকে চাল আমদানি বন্ধ হওয়ার কথা বলেছেন। যেখানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং বিদেশে চাল রপ্তানির জন্য বড়াই করছি, সেখানে বিদেশ থেকে কেন চাল আমদানি করতে হবে? মৌসুমের শুরুতে বিদেশ থেকে চাল আমদানি করায় উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন কারসাজির মাধ্যমে চালের দাম বাড়িয়ে ব্যবসায়ীরা ভোক্তাদের পকেট কাটছেন। অর্থাৎ, চাল নিয়ে চালবাজি চলছেই।

খাদ্যমন্ত্রী খোলাবাজারে চাল বিক্রির যে ঘোষণা দিয়েছেন, তা অবিলম্বে কার্যকর হওয়া প্রয়োজন। কিছুদিন পরই বাজারে নতুন চাল উঠবে। সে ক্ষেত্রে চালের বাড়তি দরও থাকবে না। কিন্তু যাদের কারসাজিতে মানুষের পকেট কাটা গেল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি? যাঁরা গরিবের জন্য বরাদ্দ চাল আত্মসাৎ করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই নির্দেশ পালনের ক্ষমতা প্রশাসনের আছে কি না, সেটিও ভেবে দেখার বিষয়। যেখানে প্রশাসন ক্ষমতাসীনদের হুকুমে চলে, সেখানে আইন অকার্যকর থাকতে বাধ্য। তারপরও প্রত্যাশা থাকবে, মজুতদার-ব্যবসায়ীদের কারসাজি এবং গরিবের হক কেড়ে খাওয়ার অসুস্থ প্রবণতা বন্ধ হবে।