‘সংবাদপত্রের বিরুদ্ধে যেকোনো আক্রমণ গণতন্ত্রের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ,’ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এই মন্তব্যে ফুটে ওঠে সংবাদমাধ্যম ও গণতন্ত্রের মধ্যকার নিবিড় সম্পর্ক। স্বাধীন সংবাদমাধ্যম ছাড়া গণতন্ত্র সম্ভব নয়; সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা তাই গণতন্ত্রের স্বার্থেই অত্যাবশ্যক।
গত শুক্রবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর রজতজয়ন্তী অনুষ্ঠানের বক্তৃতায় সাংবাদিকতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাষ্ট্রপতি। ‘সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহসই পারে একজন সাংবাদিককে পেশাগত উৎকর্ষের শীর্ষে নিয়ে যেতে। আপনারা সরকারের, এমনকি আমারও সমালোচনা করবেন। তবে মনে রাখতে হবে, তা যেন তথ্যভিত্তিক হয়।’ রাষ্ট্রপতির এই কথাগুলোর সঙ্গে সব দায়িত্বশীল পেশাদার সাংবাদিক একাত্মবোধ করেন। সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটাও পেশাদার সংবাদকর্মীদের বিবেচনায় রাখতে হয়।
তবে এ দেশে তথ্যভিত্তিক সমালোচনাও সমালোচিত পক্ষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনকি সমালোচনাহীন নিরেট তথ্য প্রকাশের ফলেও কখনো কখনো সংবাদমাধ্যমের প্রতি সংশ্লিষ্ট মহলের অসহিষ্ণুতার প্রকাশ ঘটে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, বিশেষত ক্ষমতাসীন রাজনৈতিক মহলে স্বাধীন সংবাদমাধ্যমের প্রতি নেতিবাচক মনোভাব কাজ করে। গণমাধ্যমের স্বাধীন ও বস্তুনিষ্ঠ আচরণকে তাঁরা বিরুদ্ধতা হিসেবে গণ্য করেন এবং এ ধরনের সংবাদমাধ্যমকে প্রতিপক্ষ শিবিরের স্বার্থরক্ষাকারী হিসেবে অভিযুক্ত করেন। সব মিলিয়ে যে চাপ সৃষ্টি হয়, তা অবাধ তথ্যপ্রবাহ ও স্বাধীন সাংবাদিকতার অনুকূল নয়। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, রিপোর্টার্স সান ফ্রন্টিয়ার্স, আর্টিকেল ১৯ প্রভৃতি আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণে বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত ও সাংবাদিকদের ওপর নির্যাতন বৃদ্ধির বিষয় উল্লেখিত হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার নির্যাতন ছাড়াও সংবাদকর্মীদের ওপর বিভিন্ন পক্ষের শারীরিক আক্রমণ, ভয়ভীতি, হুমকি, হয়রানিসহ নানা ধরনের প্রত্যক্ষ-পরোক্ষ চাপ তো রয়েছেই।
রাষ্ট্রপতি মন্তব্য করেছেন, গঠনমূলক সমালোচনা সরকার পরিচালনা ও জাতি গঠনে সঠিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা এর সঙ্গে যুক্ত করতে পারি, গঠনমূলক সমালোচনা গ্রহণ করার মানসিকতা অর্জন করা প্রয়োজন। দায়িত্বশীলতা ও জবাবদিহির মানসিকতা অর্জন করলে সংবাদমাধ্যমকে জনগণের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখার বা ওয়াচডগের ভূমিকায় দেখতে অসুবিধা হয় না, যে ভূমিকা সারা বিশ্বে স্বীকৃত।