গণ-আদালতের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশের আইনজ্ঞ ও মানবাধিকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত এই আদালত আক্রান্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই রায় দেন। তাঁরা মিয়ানমারের নেত্রী ও সেনাপ্রধানকেও আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানিয়েছিলেন। তাঁরা কেউ উপস্থিত হননি কিংবা জবাব দেওয়ারও প্রয়োজন বোধ করেননি।

গণ-আদালত সর্বসম্মতিক্রমে অবিলম্বে মিয়ানমারে জাতিগত নিপীড়ন বন্ধের আহ্বানের পাশাপাশি যে ১৭টি সুপারিশ করেছেন, তার বাস্তবায়নই সেখানে জাতিগত বিরোধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়। গণ–আদালতের সুপারিশমালায় ১৯৮২ সালের নাগরিকত্ব আইন বাতিল করে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব প্রদান, রোহিঙ্গা ও কোচিন সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক নীতি পরিহারের কথাও রয়েছে।

এ ছাড়া রায়ে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মিয়ানমারের সরকারি পদে থাকা ব্যক্তিদের বিদেশে থাকা ব্যাংক হিসাব বাজেয়াপ্ত, মিয়ানমারের বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বানও রয়েছে। ইতিমধ্যে যুক্তরাজ্য মিয়ানমারের সেনাসদস্যদের প্রশিক্ষণ দেওয়া স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। এটি অস্ত্র নিষেধাজ্ঞার প্রাথমিক পদক্ষেপ। মিয়ানমারের সঙ্গে আরও যেসব দেশের সামরিক সহযোগিতা আছে, তাদের প্রতিও আমাদের অনুরূপ আহ্বান থাকবে। জাতীয় সার্বভৌমত্ব রক্ষার নামে আনা অস্ত্র কোনো জাতিগোষ্ঠী নিধনের কাজে ব্যবহৃত হতে পারে না।

গণ-আদালতের এই রায়ের আইনগত ভিত্তি না থাকলেও এর রাজনৈতিক ও আন্তর্জাতিক তাৎপর্য আছে। ষাটের দশকে ভিয়েতনাম যুদ্ধের সময় ব্রিটিশ দার্শনিক বারট্রান্ড রাসেলের নেতৃত্বে দখলদার মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ বিচারে প্রথম এ ধরনের গণ-আদালত গঠিত হয়। পরে লাতিন আমেরিকা, পূর্ব তিমুর, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে সংঘটিত অপরাধের বিরুদ্ধে গণ-আদালত গঠিত হয়।

কুয়ালালামপুরে গণ-আদালতের শুনানি চলাকালে মিয়ানমারের নেত্রী অং সান সু চি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে রোহিঙ্গা জনগণের ওপর সেনাবাহিনীর অভিযানের পক্ষে কার্যত সাফাই গেয়েছেন। শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী, যিনি অহিংস আন্দোলনের প্রতীক বলে নিজেকে দাবি করেন, তাঁর শাসনামলে এ রকম ঘৃণ্য অপরাধ হবে, সেটি ছিল সবার চিন্তারও বাইরে। তিনি গণ–আদালতের রায় কিংবা আন্তর্জাতিক জনমত উপেক্ষা করতে পারেন না।