ঢাকায় নিযুক্ত জাতিসংঘের বিদায়ী আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস বৃহস্পতিবার কূটনৈতিক সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময়ে আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে বলে যে আশাবাদ ব্যক্ত করেছেন, তাতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাই প্রতিধ্বনিত হয়েছে। একটি নির্বাচন কেবল জয়-পরাজয় বা ভোটের হিসাব-নিকাশ মেলানো নয়। এর সঙ্গে যুক্ত আছে ৩০ লাখ শহীদের রক্তে লেখা সংবিধানে বর্ণিত সেই ধ্রুপদি শব্দগুচ্ছ ‘বাংলাদেশ হইবে একটি প্রজাতন্ত্র এবং প্রজাতন্ত্রের মালিক হইবে জনগণ।’
আর জনগণ প্রজাতন্ত্রের মালিক হলে সেই প্রজাতন্ত্র পরিচালনায় তাদের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। রাজনৈতিক নেতৃত্বকে মনে রাখতে হবে, নির্বাচনে কোনো দলের জয় মানে দেশটি তাদের কাছে ইজারা দেওয়া নয়। আবার কোনো দলের পরাজয়ের অর্থও এই নয় যে সবকিছু শেষ হয়ে গেছে। নির্বাচনে যাতে সব দল অংশ নিতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারেরই।
অস্বীকার করার উপায় নেই, গত ৪৬ বছরে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অনেক। নিম্ন আয়ের দেশ থেকে আমরা নিম্নমধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, গড় আয়ুসহ মানবসম্পদ উন্নয়নেও আমাদের সাফল্য বিশ্ববাসীর সপ্রশংস দৃষ্টি কেড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক সূচকে আমরা ক্রমেই পিছিয়ে পড়ছি। এটি কেবল মর্মপীড়ার কারণ নয়, জাতি হিসেবে লজ্জারও বিষয়। যে বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে নির্বাচনের রায়ই অন্যতম উপাদান ছিল, সেই বাংলাদেশ কেন একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না?
বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। নানা সমস্যায় আকীর্ণ এই দেশের সামনে নতুন বিপদ এসে দাঁড়িয়েছে সাড়ে ৬ লাখ রোহিঙ্গা শরণার্থীর ভার, আগে থেকেই যেখানে কয়েক লাখ রোহিঙ্গা বসবাস করে আসছে।
আমরা মনে করি, নির্বাচনসহ সব জাতীয় সমস্যার সমাধান খুঁজতে হবে সমঝোতার ভিত্তিতে। রাজনীতিতে মত ও পথের পার্থক্য থাকবে, কিন্তু সেই পার্থক্য দেশকে সংঘাতের চোরাবালিতে নিয়ে যেতে পারে না। আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন যত গভীর হবে, হিংসা ও বিদ্বেষ যত বাড়বে, অর্থনৈতিক উন্নতির গতি তত মন্থর হবে। আমরা যদি জাতীয় সংহতিকে সুদৃঢ় ও টেকসই করতে পারি, তাহলে বিদেশিরাও সমীহ করবে। আমাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। বাইরের কেউ করে দেবে না।
গণতন্ত্র ও আইনের শাসনের পূর্বশর্ত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যার কথা জাতিসংঘের বিদায়ী দূতও বলেছেন। আশা করি, ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক নেতৃত্ব ‘পেছনে ফেলে পচা অতীত’ নিঃশঙ্ক পায়ে সামনে এগোবেন এবং একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের উপায় খুঁজে বের করবেন।