পৃথিবীর যেকোনো প্রাণীর মতো মানুষের জীবন কখনোই বিপদমুক্ত ছিল না। সমাজ কখনো ছিল না সমস্যামুক্ত। রাষ্ট্র গঠিত হওয়ার আগেও নয়, পরে তো নয়ই। কিছু কিছু সমস্যা রাষ্ট্র দূর করেছে। বহু সমস্যা রাষ্ট্রের সৃষ্টি। আবার নিজের সৃষ্ট সমস্যাগুলোর সমাধান রাষ্ট্রকেই করতে হয়েছে।ছোট-বড়, ধনী-দরিদ্র সব দেশেরই রাজনৈতিক সমস্যা থাকে। কম আর বেশি। গণতান্ত্রিক ব্যবস্থায় কখনো রাজনৈতিক নেতারা বিতর্কে জড়িয়ে পড়েন। তাঁদের নিয়ে বিতর্ক হতো না, যদি না তাঁরা অতো উঁচুতে উঠে যেতেন। গত কয়েক দিনের খবরাখবর যদি দেখি তা হলে দেখা যাবে সমস্যা সর্বত্র। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ রাতারাতি ক্ষমতাচ্যুত হলেন পুলিশি বিদ্রোহে। মেয়াদ শেষ করতে পারলেন না। রাষ্ট্রপতির প্রাসাদ থেকে বিতাড়িত হয়ে এখন রাস্তায় ঘুরছেন। দেশ থেকেই বিতাড়িত হওয়ার ব্যবস্থা হয়েছিল, আন্তর্জাতিক হস্তক্ষেপে বেঁচে গেছেন। অবৈধভাবে ক্ষমতাচ্যুত হলেও সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরাগভাজন হয়েছিলেন আগ বাড়িয়ে। বুঝতে পারেননি তার পরিণতি কী হতে পারে। তাঁর শূন্য আসনে যিনি দ্রুত বসে পড়েছিলেন, তাঁর অবস্থাও সুখকর নয়। পার্লামেন্টে তিনি ঢুকতে পারেননি। তাঁর লোকেরা তিষ্ঠোতে পারেননি নাশিদ সমর্থকদের তাণ্ডবে।দলের ভেতরে জনপ্রিয়তা কমে যাওয়ায় অস্ট্রেলিয়ায় জুলিয়া গিলার্ডের প্রধানমন্ত্রিত্ব যায় যায় অবস্থা হয়েছিল। তিনি বেঁচে গেছেন, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হারিয়েছেন তাঁর পদ। ভাগ্য খুলেছে আরেকজনের। সত্যিকারের গণতন্ত্রে সেটাই নিয়ম। কোনো আসনেই কেউ স্থায়ী নয়। আজ আছেন তো কাল নেই। পদ হারাতে বিরোধী দলের ‘চলো চলো ক্যানবেরা চলো’ আন্দোলনের দরকার হয় না। নিজের দলের ভেতরে অধিকাংশ সহকর্মীর আস্থা হারালে সরে যেতে হয়। বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের রীতিই হচ্ছে নেতার প্রতি দলের সংখ্যাগরিষ্ঠের আস্থা রয়েছে কি না এবং জনগণের অধিকাংশের সমর্থন রয়েছে কি না—সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তার ফলে দলে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হয় এবং দল স্থবির হতে পারে না, নতুন প্রাণ সঞ্চার হয়।ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বড় আশা নিয়ে দ্বিতীয়বারের জন্য নির্বাচনী প্রচারণায় নেমেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বিরোধী দলের সমর্থকদের এমন ধাওয়া খেয়েছেন যে প্রাণ যায় যায় অবস্থা। টেলিভিশনে যে দৃশ্য দেখেছি তা আমাদের বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে মনে করিয়ে দেয়। পার্থক্য হলো জনাব ফারুককে পিটিয়েছিল সরকারি দলের পুলিশ কর্মকর্তা, আর মোশিয়েঁ সারকোজি হলেন রাষ্ট্রপ্রধান, তাঁকে ধাওয়া দিয়ে এক পানশালায় নিয়ে ঢুকিয়েছেন বিরোধী জাতীয়তাবাদী দলের লোকেরা। দাঙ্গা পুলিশের সাহায্যে পানশালার টেবিলের তলায় আশ্রয় নিলেও জানালা দিয়ে হাতবোমার মতো আসতে থাকে ডিম। তাঁকে মাস্তান, গুন্ডা বলে গালাগাল দেওয়া হয়।এমন সাংঘাতিক ঘটনা ঘটল, কিন্তু মোশিয়েঁ সারকোজি ও তাঁর দলের নেতারা বলেননি যে বিরোধী দল তাঁকে হত্যা করতে চেয়েছিল। গাদ্দাফির ছেলেমেয়েদের ঘাড়েও দোষ চাপাননি। আহমাদিনেজাদের ওপরও নয়। কয়েকজন যুবনেতা ও হাজার পাঁচেক অজ্ঞাত লোকের বিরুদ্ধে মামলাও ঠুকে দেননি। ধাওয়া ও পচা অথবা টাটকা ডিম খেয়ে তৃতীয় প্রিয়তমা ব্রুনির কাছে ফিরে গেছেন। ভলতেয়ার ও রুশোর দেশের মানুষ তিনি। সব ব্যাপারে দোষ বিরোধী দল বা রাজনৈতিক প্রতিপক্ষের কাঁধে চাপাতে তাঁর ঈমানে বাধে। এমন বেইজ্জতি হওয়ার পরও দলীয় নেতা ও প্রতিমন্ত্রীকে প্রতিবাদ সভা ও মানববন্ধন করতে মাঠে নামিয়ে দেননি।হোয়াইট হাউসের বাসিন্দা না হলে কে মাথা ঘামাত মিস্টার বারাক হুসেইন ওবামা জন্মসূত্রে আমেরিকান কি না তা নিয়ে। তিনি জন্মসূত্রে মার্কিনি কি না তার প্রমাণ চেয়ে মামলা ঠোকা হয়েছে। আদালত তাঁকে তলব করেছেন। তাঁর পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দিয়েছেন। তাঁর ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি যুক্তিযুক্তভাবে এসব প্রশ্নের জবাব দেবেন।এতকাল পরে শ্রীমতী সোনিয়া গান্ধী পড়েছেন বিপাকে। নানাশ্বশুর ছিলেন দেশের প্রথম শাসনকর্তা, শাশুড়ি দেশ শাসন করেছেন, স্বামী করেছেন এবং কয়েক বছর ধরে তিনি নিজে কোনো সরকারি পদ গ্রহণ না করে দেশ চালাচ্ছেন। হঠাৎ প্রশ্ন উঠল জন্মসূত্রে ভারতীয় না হয়ে তিনি দেশের নেতা হতে পারেন কি না। বিষয়টি আদালতে গেছে। সেখানে সেটা ফয়সালা হবে। আসল ফয়সালা করবে জনগণ। সোনিয়া গান্ধী যত দিন গৃহবধূ ছিলেন তত দিন এসব প্রশ্ন ওঠেনি।একজন বড় নেতাকে দেশের ও মানুষের সমস্যার সমাধান করতে হয়। তার বাইরে নিজের ব্যক্তিগত ঝামেলাও সামাল দিতে হয়। মানুষ কোন্দলপ্রিয় প্রাণী। কোনো কোনো জাতি একটু বেশি কোন্দলিয়া। বড় নেতারা যদি ব্যক্তিগত ও দলীয় কোন্দল নিয়ে বেশি ব্যস্ত থাকেন, দেশের সমস্যার সমাধান করা তাঁদের পক্ষে সম্ভব হয় না। গণতন্ত্রে সংসদে বিরোধী দল রাষ্ট্রের শাসকশ্রেণীরই অবিচ্ছেদ্য অংশ। সে জন্য তাঁরা বেতন-ভাতা ছাড়াও যাবতীয় জ্ঞাত-অজ্ঞাত সুবিধা পান। আমাদের বিরোধী দল ঘোষণা দিয়েছে তারা ১২ মার্চ ইতিহাস সৃষ্টি করবে। মনে হচ্ছে, ১৩ তারিখের আগেই সরকার পড়ে যাবে। ওই দিন সন্ধ্যায় গঠিত হবে চারদলের নেতৃত্বে নতুন বিপ্লবী সরকার। সে সরকারের চরিত্র হবে আব্বাসীয়, ওমাইয়া অথবা ওসমানীয় শাসকদের মতো।বিরোধী জোটের ১২ মার্চের কর্মসূচির ঘোষণা দেওয়ামাত্র সরকারি দল থেকে হাহাকার শুরু হয়। ঘোষিত হয় প্রতিহত করার শপথ এবং পাল্টা কর্মসূচি। সরকারি নেতাদের কথায় যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো, মার্চ মাসটা আওয়ামী লীগের। গোয়েন্দাদের দিয়ে বলানো হলো, ওই দিন নাশকতা হবে। গৌণ পত্রিকাগুলো এই নাশকতা তত্ত্ব খুব নিষ্ঠার সঙ্গে প্রচার করছে। এর আগের চার দলের কর্মসূচির সময় একই কাজ করানো হয়। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হলো: এবার বিএনপির মিছিলে দূর থেকে গুলি হবে। সুতরাং কেউ মিছিলে যেয়ো না। সত্যি যদি গুলি হতো গোয়েন্দারা বলতেন, আমরা তো আগেই বলেছিলাম। ওই কর্মকর্তার প্রমোশন হতো। সংবাদকর্মীকে করা হতো পুরস্কৃত।কোনো বুদ্ধিমান লোকেরই উচিত নয় সাধারণ মানুষকে বেআক্কেল মনে করা। আগের সব সরকারই বিরোধী দলের কর্মসূচিতে পুলিশি নির্যাতন করেছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিএনপির সরকারের হাতে কম নিগৃহীত হয়নি। প্রতিবাদ ও নিন্দা হয়েছে। কিন্তু কার কথা কে শোনে?গণতন্ত্রে অর্থাৎ প্রতিযোগিতামূলক রাজনীতিতে প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী থাকবেই। শান্তিপূর্ণ সভা-সমাবেশ করা যে কারও সাংবিধানিক অধিকার। বাড়াবাড়ি করলে, শান্তিশৃঙ্খলার অবনতি ঘটালে, আইন রক্ষাকারী কর্তৃপক্ষ রয়েছে। তারা তাদের দায়িত্ব পালন করবে। কেউ অপরাধ করলে তাকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেবে। কিন্তু কারও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া তার সাংবিধানিক অধিকার হরণ করা।বিরোধী দলের মহাসমাবেশ ঘিরে দুই দিক থেকে যে বাকযুদ্ধ হচ্ছে তা কোনো স্বাভাবিক রাজনীতির পর্যায়ে পড়ে না। সরকারি দলের নেতা-মন্ত্রীদের এতটা ঘাবড়ে যাওয়া দৃষ্টিকটু মনে হচ্ছে। বিরোধী নেতাদের অর্থহীন আস্ফাালন জনগণ উপেক্ষা করতে পারে, কিন্তু সরকারি নেতাদের বিলাপ জনগণকে শঙ্কিত করে। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যা বুঝি তা হলো, ১২ তারিখে হাতিঘোড়া কিছুই হবে না। যা হবে তা হলো জনগণের দুর্ভোগ।স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্য নেতারা হুঙ্কার দিলেও, রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের কথায় হতাশার প্রকাশ ঘটেছে। তিনি জানিয়েছেন, সরকারের এখন বিকালবেলা অর্থাৎ বিদায় সন্ধ্যা ঘনাতে আর বেশি দেরি নেই। তাঁর ভাষায়, ‘বিকেলবেলার মন্ত্রী আমি, আমারও শেষ বয়স, সরকারেরও শেষ সময়, এমন সময় আমার কাঁধে তুলে দেওয়া হয়েছে মন্ত্রিত্বের ভার।’ তিনি আরও বলেছেন, মহাসমাবেশে বিশেষ লোক হবে না। তাহলে আর ভয় কী?সাংবিধানিক পদের দায়িত্ব গ্রহণের সময় সবাইকেই শপথ নিতে হয়। শত্রু-মিত্র কারও প্রতিই অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কিছু না করার শপথ নেওয়া হয়। অর্থাৎ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করা হয়। আমাদের মতো দেশে এ জাতীয় শপথ না নেওয়াই ভালো। যে শপথ রক্ষা করার প্রয়োজন হয় না, তা নেওয়া না নেওয়া একই কথা। একজন মানুষ কতটা মানবিক গুণসম্পন্ন তা বোঝা যায়, তিনি তাঁর প্রতিপক্ষ এমনকি শত্রুর সঙ্গে কতটা ন্যায়সংগত আচরণ করেন।ন্যায় ও নিরপেক্ষ সত্যের পক্ষে অবস্থান নেওয়া কঠিন কোনো কাজ নয়। তার জন্য খুব বেশি সততা ও সাহসের প্রয়োজন হয় না। বিশেষ ত্যাগ স্বীকারেরও দরকার হয় না। নিজের বিবেক বিবেচনা ঠিক থাকলেই হলো। নিজেদের দল ও সরকারের কোনো অন্যায় সমর্থন করে যাওয়া অনৈতিক। বহু মানুষই তা করেন না। একটি উদাহরণ দিতে পারি। জোবেদা খানমের নাম এখন মানুষ ভুলে গেছে। প্রথম পর্যায়ের মুসলিম নারী লেখকদের তিনি একজন। কুষ্টিয়া শহরের মানুষ। তিরিশের দশকে বিয়ে হয়। কয়েক বছরের মধ্যে এক শিশু ছেলে ও মেয়েকে নিয়ে বিধবা হন। আর বিয়ে করেননি। প্রাইভেট পরীক্ষা দিয়ে ম্যাট্রিক থেকে এমএ পাস করেন। প্রথমে স্কুলে শিক্ষকতা, পরে সরকারি কর্মকর্তা হন। গল্প, উপন্যাস, প্রবন্ধ, শিশু-কিশোরদের জন্য লিখে পঞ্চাশ ও ষাটের দশকে খ্যাতি অর্জন করেন। তাঁর উপন্যাস বন মর্মর, ছায়া পথের আলো, আকাশের রং, অনন্ত পিপাসা প্রভৃতি ফেলে দেওয়ার মতো নয়। বাংলাদেশ শিশু একাডেমীর প্রথম পরিচালক ছিলেন জোবেদা খানম। পরে চেয়ারম্যান। এরশাদ সরকারের প্রস্তাবিত শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৮৩-র ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিল স্মারকলিপি দিতে। বিশাল মিছিলটি হাইকোর্ট এলাকায় পৌঁছানোর পর পুলিশ টিয়ারগ্যাস ও গুলি চালায়। জাফর, জয়নাল, দীপালি সাহাসহ অনেকে নিহত হন। মিছিলকারীদের কেউ কেউ ভয়ে শিশু একাডেমীর ভেতর গিয়ে আশ্রয় নেন। সেখানে শিশুরা গানবাজনা শিখছিল। পুলিশ সেখানে ঢুকে শিশুদের পর্যন্ত বেদম পেটায়।জেনারেল এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক এবং মেজর জেনারেল এ মান্নাফ চট্টগ্রামের আঞ্চলিক সামরিক আইন প্রশাসক। জেনারেল মান্নাফ ছিলেন জোবেদা খানমের ছেলে। শিশু একাডেমীর তাণ্ডবের আধা ঘণ্টা পরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক চৌধুরীর সঙ্গে আমরা শিশু একাডেমীতে যাই পরিস্থিতি দেখতে। জোবেদা খানম বাচ্চাদের শুশ্রূষা করছিলেন এবং কাঁদছিলেন। একজন সাংবাদিক বললেন, আপনার ছেলেই তো এই সরকারের একজন। জোবেদা খানম চিৎকার করে বললেন, আমার ছেলেই হোক আর যেই হোক, এই সরকার জুলুমবাজ সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।কর্মজীবনে বিভিন্ন পরিস্থিতিতে মানুষকে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। জেনারেল মান্নাফও ছিলেন একজন সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ সামরিক অফিসার। সেদিন টেলিফোন করে তাঁর মা তাঁকে বকাঝকা করেছিলেন।সরকার পরিচালনার একটি দিক হলো সাংবিধানিক দায়িত্ব পালন, আর একটি দিক হলো নৈতিক বাধ্যবাধকতা। সরকারের সবচেয়ে বড় শত্রুও যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তার নিশ্চয়তা থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত। ফলে প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। মানুষ হারাচ্ছে রাষ্ট্রযন্ত্রের ওপর আস্থা। বর্তমানে বাংলাদেশের মানুষের অবস্থা এমন যে তারা না আরণ্যজীবনে রয়েছে, না আধুনিক রাষ্ট্রের নাগরিক সুবিধা পাচ্ছে।শতাব্দীর পর শতাব্দী সংগ্রাম করে অগ্রসর পৃথিবীর মানুষ যে গণতান্ত্রিক মূল্যবোধগুলো অর্জন করেছে, আধুনিক রাষ্ট্রের যা বড় সম্পদ, তাকে লালন করাই ভালো রাজনীতিকদের কাজ। আমাদের রাজনীতিকেরা যদি তাৎক্ষণিক স্বার্থে অন্য পথে হাঁটেন।সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।