গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখেই জঙ্গিবাদ দমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামা প্রশাসনের শেষ বেলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সংক্ষিপ্ত ঢাকা সফরকালে এমন কিছু কথা বলেছেন, যার সঙ্গে আমাদের জাতীয় ইতিহাস ও আবেগ জড়িত। বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের পর মন্তব্য বইয়ে তিনি ‘সহিংস ও কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে সাহসী ও উজ্জ্বল এক নেতৃত্বকে কেড়ে নেওয়া’র কথা লিখেছেন। পূর্বাপর মার্কিন প্রশাসনের ভূমিকার কথা বিবেচনা করলে এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ।
তবে শুধু আবেগ দিয়ে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সফরের হিসাব-নিকাশ করা যায় না। কূটনৈতিক সম্পর্ক নির্ধারিত হয় পারস্পরিক স্বার্থ ও দৃষ্টিভঙ্গির অভিন্নতার ভিত্তিতে। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে তাঁর বৈঠকে গুরুত্ব পেয়েছে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, জিএসপি সুবিধা ও বঙ্গবন্ধু হত্যার দণ্ডিত এক আসামির প্রত্যর্পণ। দৃষ্টিভঙ্গিগত কিছু ফারাক থাকা সত্ত্বেও জঙ্গিবাদ দমনের প্রশ্নে জন কেরি একযোগে কাজ করার যে ঘোষণা দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দেশে তৈরি জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী, বিশেষ করে আইএসের যোগাযোগ আছে।
কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার ক্ষেত্র বাড়ানোর দাবি জানিয়ে আসছে, সেই বিষয়ে কিংবা যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনির প্রত্যর্পণের ব্যাপারে কেরির কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সম্প্রসারণ বাংলাদেশের ন্যায্য দাবি। আর মানবাধিকারের পক্ষে জোরালো ভূমিকা গ্রহণকারী যুক্তরাষ্ট্র ‘সহিংস ও কাপুরুষোচিত ঘটনার’ হোতাকে শাস্তির মুখোমুখি হতে দেবে না, তা কী করে হয়!
সরকারের পাশাপাশি জন কেরি বিএনপির চেয়ারপারসন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন, যেখানে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। জন কেরি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখেই সন্ত্রাস দমনের ওপর জোর দিয়েছেন। এখন বাংলাদেশ সরকার তাঁর বক্তব্যকে কতটা গুরুত্বের সঙ্গে নেয় এবং বাংলাদেশের চাওয়া-পাওয়া পূরণে যুক্তরাষ্ট্র কী কী পদক্ষেপ গ্রহণ করে, তার ওপরই নির্ভর করছে দ্বিপক্ষীয় সম্পর্কের পারদ ওপরে ওঠার বিষয়টি।