গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মহান স্বাধীনতা দিবস। আমরা মুক্তিযুদ্ধের সব শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ সব নেতার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আন্তরিক সংহতি ও সহমর্মিতা জানাচ্ছি মুক্তিযুদ্ধে শহীদদের পরিবার-পরিজন এবং বর্বর নৃশংসতার শিকার নারীদের প্রতি।
১৯৭১ সালের ২৬ মার্চ পুরো জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অনেকে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে প্রাণ বাজি রেখে লড়াই করেছেন, তাঁদের কেউ কেউ শহীদ হয়েছেন; আবার অস্ত্রহাতে লড়াই করেননি কিন্তু মুক্তিযোদ্ধাদের সাধ্যমতো সহযোগিতা করেছেন, এমন মানুষের সংখ্যাও প্রচুর। সে কারণেই আমাদের মুক্তিযুদ্ধ ছিল এক সর্বাত্মক জনযুদ্ধ।
কিন্তু দুঃখজনকভাবে এ দেশেরই কিছু মানুষ হানাদার পাকিস্তানি বাহিনীর বর্বরতা-নৃশংসতায় সহযোগিতা করেছেন। রাজাকার, আলবদর, আলশামস নামে পরিচিত এসব মানুষ শুধু পাকিস্তানি বাহিনীকে সহযোগিতাই করেননি, নিজেরাও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন। আরও দুঃখের বিষয়, রাজনৈতিক কারণে এই মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা হয়নি দীর্ঘকাল পর্যন্ত। তবে অনেক দেরিতে হলেও তাঁদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল গঠন করা হয়েছে। ছয় বছরে ৯৬১টি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু তদন্ত শেষ হয়েছে মাত্র ৪৫টির। ২৭টি মামলার রায় হয়েছে, ছয়জন শীর্ষ অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এখন ২৮টি মামলা তদন্তাধীন, বিচারাধীন আছে ৮টি। আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আছে ১৬টি। আমরা আশা করি, সম্পূর্ণ বিচার–প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো, সম্প্রতি জাতীয় সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার পক্ষে প্রস্তাব গৃহীত হয়েছে। এখন আমাদের প্রয়োজন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম
জোরদার করা।
মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল জাতীয় ঐক্য, ন্যায় ও গণতন্ত্র। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক—সব ধরনের অন্যায়-অবিচার ও বৈষম্য থেকে মানুষের মুক্তি। সন্দেহ নেই, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন সূচকে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। তবে গণতন্ত্রের আশানুরূপ বিকাশ ঘটেনি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করাসহ সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের লক্ষ্য হোক ৪৭তম স্বাধীনতা দিবসের অঙ্গীকার। এ জন্য সব রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা ও ব্যক্তি-নাগরিক পর্যায়ে ন্যায়, সততা ও সহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।