গণধর্ষণ যেন থামছেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার ও গাজীপুরের ঘটনা দুটি এবং এর পাত্রপাত্রী ভিন্ন হলেও অপরাধের ধরন প্রায় অভিন্ন। গত শনিবার সাভারে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও রোববার গাজীপুরে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়। তারা দুজনই বেড়াতে গিয়েছিল তাদের কথিত প্রেমিক বা বন্ধুর সঙ্গে। অথচ ওই দুর্বৃত্তদ্বয় সহযোগীদের নিয়ে মেয়ে দুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ছাত্রীটি নিজে গিয়ে থানায় অভিযোগ করতে পারলেও, স্কুলছাত্রীকে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ছাড়া সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে বান্ধবীকে ধর্ষণের হুমকি দিয়ে তাঁর বন্ধুর কাছ থেকে ক্রেডিট কার্ড দিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে আরেক দুর্বৃত্ত দল।
বান্ধবীকে ধর্ষণের হুমকি দিয়ে ছিনতাইদেশে আইন আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তারপরও একের পর এক খুন, ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ঘটে চলেছে। কী করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? অপরাধ সংঘটিত হওয়ার পর দু-একজনকে গ্রেপ্তার করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব শেষ করে। এভাবে মেয়েরা যদি ভেক প্রেমিক বা বন্ধুত্বের খোলসধারীর সঙ্গে বাইরে গিয়ে নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়, তাহলে তাদের বাইরে যাওয়াটাই কঠিন হয়ে পড়ে। মেয়েদের যারা চার দেয়ালের ভেতরে বন্দী করে রাখতে চায়, এসব অপকর্মের সঙ্গে তাদের যোগসাজশ আছে কি না, খতিয়ে দেখা প্রয়োজন।
এটা ঠিক যে, সমাজের গুটি কয়েক লোকই এসব ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হলে তাদের শায়েস্তা করা অসম্ভব নয়। কিন্তু সেই কাজটি তারা ঠিকমতো করে না, কখনো তারা মামলার আগেই আসামিকে ধরতে তৎপর থাকে, আবার কখনো চিহ্নিত অপরাধীরা বুক ফুলিয়ে হাঁটলেও ধরে না। এভাবে অপরাধ দমন কিংবা আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। খুন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ যারা করে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই দুর্বৃত্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।