প্রতিবছর ৩ ডিসেম্বর আসে। ‘প্রতিবন্ধীরা আলোকিত হোন’ বলে ঢাকঢোল পেটানো হয়। তাদের জন্য এটা করা হবে, ওটা করা হবে বলে আশার বাণী শোনানো হয়। কিন্তু বাস্তবতা হলো, এত বছর পরেও সে আশ্বাস ও প্রতিশ্রুতিরা লাল ফিতার বাঁধন থেকে মুক্তি পায়নি। অফিস–আদালত থেকে শুরু করে গণপরিবহন—সর্বত্র প্রতিবন্ধীদের অবহেলা করা হয়। উপেক্ষা করা হয়।
দেশে গণপরিবহনে প্রতিবন্ধীদের জন্য নামমাত্র সংরক্ষিত আসন আছে। তবে কোনো যানবাহনেই তাদের ওঠানামার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয় না। এই হতাশাজনক বাস্তবতায় একটি সুখবর দিয়েছে রাজধানীতে চালু হতে যাওয়া মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারা। রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মেট্রোরেল প্রকল্পে প্রতিবন্ধীদের ওঠানামার জন্য বিশেষ ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়েছিল। কর্তৃপক্ষের প্রতিনিধিরা তাদের আশ্বস্ত করেছেন। ওই প্রকল্পের একজন কর্মকর্তা বলেছেন, মেট্রোরেলের নকশাতে প্রতিবন্ধীদের জন্য ওঠানামার ব্যবস্থা রাখা হয়েছে। মেট্রোরেলে একজন প্রতিবন্ধী উঠলে তাকে কীভাবে সহযোগিতা করতে হবে, সে বিষয়ে রেলকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এ ব্যবস্থা চালু করা গেলে প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। মেট্রোরেলে প্রতিবন্ধীদের বিশেষ সুবিধা চালু করা গেলে আস্তে আস্তে অন্য সব গণপরিবহনও এ ধরনের ব্যবস্থার আওতায় আসবে বলে আশা করা যায়।
সমাজসেবা অধিদপ্তরের জরিপের হালনাগাদ তথ্য বলছে, দেশে বর্তমানে নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ১৬ লাখ ১০ হাজার ৬৯৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছে শারীরিক প্রতিবন্ধীরা। এরপর রয়েছে দৃষ্টি, বহুমাত্রিক, বুদ্ধি ও প্রতিবন্ধীরা। বাংলাদেশের বাস্তবতায় এই প্রতিবন্ধীদের সারা জীবন কোনো না কোনোভাবে অন্যের গলগ্রহ হয়ে থাকতে হয়। অথচ সরকারের সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ তাদের জীবনকে অনেক সহজ করে তুলতে পারে।
দেশের বেশির ভাগ প্রতিবন্ধী গ্রামবাসী। তাদের ক্ষমতার মূল্যায়নের পর পেশাগত পথনির্দেশ দিয়ে সুপরিকল্পিতভাবে তৃণমূল স্তরে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিগুলোতে যুক্ত করা জরুরি। প্রতিবন্ধীর কল্যাণ শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দপ্তরে সীমাবদ্ধ নয়। এতে স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, অর্থ, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দপ্তরগুলোরও ভূমিকা রয়েছে। তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে উদ্যোগ নিলে এসব অবহেলিত ও অসহায় মানুষের অগ্রগতি ব্যাহত হওয়ার কথা নয়।
প্রতিবন্ধীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনের অধিকার তাদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। এর জন্য সঠিক পরিসংখ্যান, সর্বস্তরে পুনর্বাসন এবং মানবিক কাজের পরিবেশ তৈরি করা দরকার। প্রতিবন্ধীদের উপেক্ষা করে এবং তাদের অবহেলার গর্ভে নিমজ্জিত রেখে কোনো জাতি এগোতে পারেনি। এই সত্য উপলব্ধি করাই এখন সবচেয়ে জরুরি।