গণপিটুনিতে আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে বৃহস্পতিবার ভোররাতে গণপিটুনিতে আট সন্দেহভাজন ডাকাতের মৃত্যুর ঘটনার দুটি দিক বিশেষভাবে ভাবা দরকার।
এক: পুরিন্দা বাজারে ডাকাত পড়েছে—মসজিদের মাইকে এমন কথা ছড়িয়ে পড়ার পর এলাকার লোকজন ছুটে গিয়ে আটজন মানুষকে স্রেফ পিটিয়ে মেরে ফেলল। লোকগুলো ডাকাত, ডাকাতি করার সময় হাতেনাতে ধরেই তাদের পিটিয়ে মারা হয়েছে—এমন যুক্তি দিয়েও এটাকে যথার্থ কাজ বলে চালানো যাবে না। কারণ, কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। জনতার এই সংঘবদ্ধ হিংস্রতা অত্যন্ত বিপজ্জনক। এবং এই প্রবণতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগজনকভাবে বাড়ছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর দেশের সাতটি বিভাগে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১২৩ জন মানুষ। এই সহিংস উন্মত্ততার লাগাম টানা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
দুই: সাধারণত আইন প্রয়োগ ও বিচারব্যবস্থার ওপর আস্থার অভাব থেকে জনগণের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কাজ করে। আড়াইহাজারের ওই পুরিন্দা বাজারের একটা চালের আড়ত থেকে এর আগে কিছু লোক ট্রাকে করে ২০০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে। মামলা হয়েছে, কিন্তু ভুক্তভোগীরা কোনো প্রতিকার পাননি। তা ছাড়া, বৃহস্পতিবার পুরিন্দা বাজারে ডাকাত পড়েছে বলে যখন মাইকে ঘোষণা করা হচ্ছিল, তখন পুলিশকেও খবর দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে এক ঘণ্টা পরে। ততক্ষণে ক্রুদ্ধ জনতা আটজনকে পিটিয়ে মেরে ফেলেছে। পুলিশ যথাসময়ে সেখানে পেঁৗছালে লোকগুলো অন্তত প্রাণে রক্ষা পেতে পারত।
আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ত্যাগ করতে হবে। যাঁরা আইন নিজের হাতে তুলে নেবেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও যথার্থভাবে আইন প্রয়োগে তৎপর হতে হবে, যাতে জনসাধারণ আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রয়োজন বোধ না করে।