পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা প্রয়োজন—সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর সরকারের পক্ষ থেকে এ সম্পর্কে জনগণকে নানাভাবে সজাগ করে দেওয়া হয়েছিল। গুজব ছড়ানোর অভিযোগে বিভিন্ন স্থানে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কোন মহল থেকে এসব গুজব ছড়ানো হচ্ছে, তা নির্দিষ্টভাবে বলা না হলেও সংশ্লিষ্টরা এর সঙ্গে কয়েক বছর আগে জামায়াত নেতা ও যুদ্ধাপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজবের তুলনা করেছেন।
গুজব গুজবই। সরকারের প্রথম কাজ হলো যারা গুজব ছড়ায় তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া, যাতে এর ডালপালা ছড়িয়ে পড়তে না পারে। সরকার সেই কাজটি করেছে বলে দাবি করে। কিন্তু পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা প্রয়োজন—এ ধরনের আজগুবি ও গাঁজাখুরি গুজব ছড়ানো এবং এর পর ‘ছেলেধরা’ বা শিশুচোর সন্দেহে গণপিটুনিতে একের পর এক হত্যাকাণ্ড চালানো হবে, তা কোনোভাবে বরদাশত করা যায় না। যারা এ ধরনের বেআইনি কাজ করছে, প্রশাসনের উচিত দ্রুত তাদের আইনের আওতায় আনা। সংঘবদ্ধ গোষ্ঠী অপকর্ম করেছে, এই অজুহাতে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যেভাবে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মানুষ হত্যার ঘটনা ঘটছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব কিসের আলামত? যেকোনো অজুহাতে গণপিটুনি শুধু আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি নয়, সভ্যতারও পরিপন্থী। গণপিটুনি নামক বর্বরতায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের বেশির ভাগই দুর্বল মানুষ। এঁদের মধ্যে নারী ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষও রয়েছে। গণপিটুনির শিকার হয়ে অনেকে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে কিংবা নিজের পরিচয় জানাতে পারছেন না।
প্রথম আলোর খবর অনুযায়ী, গত শনিবার রাজধানীর উত্তর বাড্ডায় শিশুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন অজ্ঞাতপরিচয় (৪০) এক নারী। তিনি উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন শিশুসন্তানকে ভর্তি করার বিষয়ে খোঁজখবর নিতে। প্রধান শিক্ষক তাঁকে নিজের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিলেন। তাঁর অসংলগ্ন কথাবার্তায় গুজব ছড়িয়ে পড়ে যে তিনি ছেলেধরা। এরপর এলাকার লোকজন স্কুলঘরে ঢুকে তাঁকে গণপিটুনি দেয়। সাভারের তেঁতুলঝোড়ায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আরেক নারীর মৃত্যু হয়েছে। তিনি তেঁতুলঝোড়া এলাকায় এক শিশুকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছিলেন। এ রকম মর্মান্তিক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, ঢাকার কেরানীগঞ্জের রসুলপুরে, চট্টগ্রামের সীতাকুণ্ডে, গাজীপুরের চান্দনায় এবং ময়মনসিংহের ভালুকা উপজেলায়ও।
গণপিটুনি ও এর মাধ্যমে হত্যাকাণ্ড বাংলাদেশে নতুন নয়। বিভিন্ন সময়ে জনগণ ছিনতাইকারী, চোর বা ডাকাত ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অনেক ঘটনা ঘটেছে। এর পেছনে যে মনস্তত্ত্ব কাজ করে তা হলো থানা-পুলিশে গিয়ে কাজ হবে না; আইন নিজের হাতে তুলে নিতে হবে। কিন্তু কোনো সভ্য জগতে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।
একের পর এক গণপিটুনির ঘটনা ঘটলেও সরকার বা প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। তেমন কিছু হলে একের পর এক ঘটনাগুলো ঘটতে পারত না। আইন নিজের হাতে তুলে নেওয়া ফৌজদারি অপরাধ, তা কোনো ব্যক্তি কিংবা সংঘবদ্ধ গোষ্ঠী—সব ক্ষেত্রেই সত্য। এ ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, তা নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও গুরুত্বপূর্ণ। যেখানে আইনকানুন ও বিচারব্যবস্থা বলে কিছু আছে, মনুষ্যত্ববোধ আছে, সেখানে কোনো অবস্থাতেই গণপিটুনিতে মানুষ হত্যা চলতে পারে না। একই কথা প্রযোজ্য ‘ক্রসফায়ার’–এর নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচারবহির্ভূত হত্যার ক্ষেত্রেও।
আইনের শাসন চাইলে দুটোরই অবসান ঘটাতেই হবে।