গাজীপুর ও কালিয়াকৈর এলাকায় পর পর দুই দিনে তিনজন ‘গণপিটুনি’তে নিহত হয়েছেন। এর আগে সুন্দরবন এলাকায় পাঁচ ‘ডাকাত’কে একইভাবে পিটিয়ে হত্যা করা হয়। এগুলো সাম্প্রতিক উদাহরণ; প্রায়ই দেশের বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে পিটিয়ে মানুষ মারা হচ্ছে। গত বছর সাভারের আমিনবাজারে এভাবেই নিরীহ ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়। কারণ যা-ই হোক, গণপিটুনি আইনের শাসনের প্রতি অনাস্থাই প্রকাশ। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনেরও দায়িত্ব রয়েছে। এই নৃশংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ করার পাশাপাশি যারা আইন নিজের হাতে তুলে নেয়, তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে হবে। ‘সন্দেহজনক ঘোরাফেরা’ কিংবা এলাকায় অপরিচিত হওয়া অথবা কোনো অপরাধে জড়িত বলে মনে হওয়া থেকে মানুষ পিটিয়ে মেরে ফেলা খুন ছাড়া আর কিছু নয়। এর মাধ্যমে অপরাধের প্রতিকার তো দূরের কথা, বরং বিনা বিচারে নিরীহ ও নিরপরাধ মানুষকে হত্যা-নির্যাতনের শিকার হতে হয়। অনেক সময় কোনো কায়েমি গোষ্ঠী মিথ্যা অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে উত্তেজিত করেও প্রতিহিংসা চরিতার্থ করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এ রকম ঘটনা ঘটছে। দু-একটি ক্ষেত্রে এসব বাহিনীর সদস্যদেরও দেখা গেছে নিরীহ মানুষকে উন্মত্ত লোকজনের হাতে ছেড়ে দিতে। এগুলো হত্যাকাণ্ড। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের বুঝতে হবে, ‘ধরা পড়া মাত্র বিচারের’ নামে আসলে আরেকটি অনাচারই ঘটছে। এসব যাঁরা করছেন, এর দায় তাঁদেরই নিতে হবে।আমাদের দেশে অপরাধীরা সহজেই ছাড়া পেয়ে যায়। আইনের যথাযথ প্রয়োগের অভাবে এ রকম হয়। তা ছাড়া আদালতে মামলা বছরের পর বছর গড়ায়। বিলম্বিত বিচার বিচারবঞ্চনারই শামিল। অপরাধীকে গ্রেপ্তারে থানা-পুলিশও অনেক সময় শিথিলতা দেখায়। মানুষ যখন দেখে অপরাধীর শাস্তি হয় না, তারা আইনের ফাঁকফোকরে বেরিয়ে এসে হুমকি-আক্রমণ চালায়, তখনই আইন হাতে তুলে নেওয়ার ঝোঁক আসে। এটাই গণপিটুনির সামাজিক মনস্তত্ত্ব। কিন্তু মনে রাখা দরকার, অপরাধের বিচারের ভার একমাত্র আদালতের। অপরাধীর বিরুদ্ধে ক্ষেত্রবিশেষে আইনি ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতা কখনো গণপিটুনির মাধ্যমে হত্যার যুক্তি হতে পারে না। গণপিটুনির সংস্কৃতি থেকে মানুষকে সরে না আসা হবে আত্মঘাতী। কেননা, এ রকম ‘উত্তেজিত জনতার’ শিকার যে কেউই হতে পারি।একজন অভিযুক্ত ব্যক্তির আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। এটা তার মৌলিক মানবাধিকারের অংশ। এ কারণেই প্রচলিত ‘ক্রসফায়ার’ বা পুলিশি হেফাজতে মৃত্যু মানবাধিকারের লঙ্ঘন বলে গণ্য করা হয়। ক্রসফায়ার ও গণপিটুনির মধ্যে তেমন পার্থক্য নেই। দুটিই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। কেউ যাতে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেই নিশ্চয়তা দিতে হবে সরকারকেই।