রাজধানীর পুরান ঢাকায় ছয়তলা ভবন ধসে যে আরেকটি বেগুনবাড়ি ট্র্যাজেডি ঘটেনি, সেটা নিতান্তই সৌভাগ্য। রাজধানীতে এ রকম অজস্র ভবন রয়েছে, সেগুলোর ভবিষ্যৎও কি এ রকম ‘সৌভাগ্যের’ ওপর ছেড়ে দেওয়া হবে? নাকি সর্বনাশ ঠেকাতে রাজউক ও সিটি করপোরেশনের কিছু করণীয় আছে?পুরান ঢাকার কৈলাশ ঘোষ লেনের ছয়তলা বাড়িটি ৩০ বছরের পুরোনো। ভবনটি সম্প্রতি ভাঙার জন্য হাতুড়ে ঠিকাদার নিয়োগ করা হয়েছিল। গায়ে গা লাগানো বাড়ির সারির মধ্য থেকে একটি বাড়ি ভাঙা খুবই কঠিন ও বিপজ্জনক। এ রকম অবস্থায় সব রকম নিরাপত্তা ও সতর্কতা নিশ্চিত করাটা বাধ্যতামূলক। কিন্তু ভবনমালিক এসবের কোনো তোয়াক্কা করলেন না, নগর কর্তৃপক্ষের তরফেও দেখার কেউ ছিল না। প্রশ্ন হলো, ধসে পড়ার আগে কেন জানা গেল না ভবনটি অনুমোদনহীনভাবে তৈরি এবং অননুমোদিত পদ্ধতিতেই তা ভাঙা হচ্ছিল? ভবন তৈরির মতো ভবন ভাঙার বেলায়ও তো অনুমতির প্রয়োজন হওয়ার কথা, সেটা করা হয়নি কেন? একে তাই দুর্ঘটনা না বলে বলা উচিত ইচ্ছাকৃত অবহেলা এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। ঢাকার অনেক ভবনই দারুণ ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। কেবল নিয়তির ভরসায় এগুলো ঠিকঠাক দাঁড়িয়ে থেকে জানমালের ক্ষতির আশঙ্কা কমাবে না। এগুলোর অপসারণ বা সংস্কারের জন্য একটি কর্তৃপক্ষ থাকা প্রয়োজন, প্রয়োজন নজরদারি ও নিরাপদ করার আয়োজন। নইলে এবার রক্ষা পেলেও অনেক অনেক বেগুনবাড়ি ট্র্যাজেডি ঘটা অনিবার্য হয়ে উঠবে। দূর অতীতের কথা নয়, এই পুরান ঢাকার শাঁখারীবাজারে ভবন ধসে অনেক মানুষের মৃত্যু ঘটেছিল। দায়িত্বটা রাজউক, সিটি করপোরেশন ও গণপূর্ত বিভাগের। সবার সম্মিলিত অবহেলার ফলেই ঢাকার হাজার হাজার ভবন গণবিধ্বংসী মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে। উপায়হীন অবস্থায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোকে এর মধ্যেই ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে। সরকার যদি অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে ব্যবস্থা না নেয়, সবখানে যথাযথভাবে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ যদি নিশ্চিত না করা যায়, সর্বনাশ এড়ানো কঠিন হবে। সরকারের কর্তাব্যক্তিদের টনক নামে কোনো বস্তু যদি থাকে, তা হলে এখনই তা নড়ে ওঠা উচিত।