বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মী পরিচয়ে ১৫১ জনকে আট দিনের গণরিমান্ড প্রদানের একটি বিচারিক আদেশ গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। এই গণরিমান্ডের শুনানিকালে আসামিপক্ষের একজন আইনজীবী স্মরণ করেন যে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে বলেছিলেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে ডিম দিয়েছিল। সেই শোধ নিতে সাজানো মামলায় বিএনপির নেতা-কর্মীদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হচ্ছে। এর সত্যাসত্য যা-ই হোক, এটা সন্দেহাতীত যে, রিমান্ড কথাটির সঙ্গে পুলিশি বাড়াবাড়ির একটি বিস্তৃত ধারণা রয়েছে। বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থায় রিমান্ড একটি অশুভ অথচ অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে এটি একটি কলঙ্ক। পুলিশ ভাবতেই পারে না যে, রিমান্ড ছাড়া কোনো ফৌজদারি অপরাধের সুষ্ঠু তদন্ত করা সম্ভব। বাংলাদেশ সংবিধানে নিজের বিরুদ্ধে কোনো ব্যক্তির সাক্ষ্য প্রদানকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রিমান্ড শব্দটি সাধারণভাবে জনমনে একটি হয়রানি ও ভীতিকর ধারণার সৃষ্টি করেছে। পুলিশ প্রায় অভ্যাসগতভাবে আদালতের কাছে গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে থাকে এ যুক্তিতে যে, অভিযুক্তদের ‘নিবিড় জিজ্ঞাসাবাদ’ করা প্রয়োজন। এ নিবিড় জিজ্ঞাসাবাদ বহুক্ষেত্রে নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়ে থাকে। এই ধারণা যে অমূলক নয়, তার প্রমাণ কথিতমতে ওই ‘ডিম’ দেওয়ার দাবি।ব্লাস্টের মামলায় ২০০৩ সালে হাইকোর্ট বিভাগ রিমান্ড মঞ্জুর এবং তা প্রতিপালনে একটি গাইডলাইন দিয়েছিলেন। পরিহাসের বিষয়, এই গাইডলাইন অনুসরণ করার ক্ষেত্রে পুলিশ বিভাগের উৎসাহ সবচেয়ে কম। আবার বিচার বিভাগের উৎসাহও যে খুবই লক্ষণীয়, সেটাও আমরা অনুমান করতে পারি না। আলোচ্য মামলায় পুলিশের কর্তাব্যক্তিরাই দাবি করেছিলেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নির্দেশে ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এ অভিযোগে মির্জা ফখরুলসহ ১৫৭ জনকে আটক করে পুলিশ। পুলিশি গ্রেপ্তার পর্বটি একটি পাইকারি বিষয় বলে প্রতীয়মান হয়। কারণ, তারা ১৫৭ জনের পরিচয় প্রকাশ করেনি। গণমাধ্যম ১৫১ জনকেই ১৮ দলীয় জোটের ‘নেতা-কর্মী’ বলে দাবি করেছে। অথচ সংশ্লিষ্টদের এই দাবি অমূলক নয় যে এর উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি হয় পথচারী, নয়তো হকার কিংবা ভবঘুরে। আদালতকক্ষের ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে তাঁদেরকে ডান্ডাবেড়ি পরিয়ে কাঠগড়ায় দাঁড় করানোরও দাবি করা হয়। পুলিশের এই যুক্তিও গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয় না। পুলিশ নিজেরাই শীর্ষস্থানীয় তিন নেতাকে ছেড়ে দিয়েছে। আবার এর পরবর্তী তিন নেতার রিমান্ড আদালত নাকচ করেছেন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, কথিতমতে নির্দেশদাতা মুখ্য নেতাদের ছাড়াই পুলিশ আট দিনের মধ্যে ১৫১ জনের ‘নিবিড় জিজ্ঞাসাবাদ’ শেষ করবে। আসামি বা সরকারপক্ষের আইনজীবীরা রিমান্ড প্রশ্নে হাইকোর্টের গাইডলাইন অনুসরণের বিষয়টি শুনানিকালে উল্লেখ করেননি।