গণশুনানি একটি ভালো উদাহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ-সংযোগ পেতে গ্রাহক-ভোগান্তির প্রতি সংবেদনশীল হয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় প্রথমবারের মতো গণশুনানির আয়োজন করেছে। ভুক্তভোগী মানুষের কাছ থেকে সরাসরি অভিযোগ শুনে প্রতিকারের যে অভিপ্রায় মন্ত্রণালয় ব্যক্ত করেছে, তাকে আমরা স্বাগত জানাই। একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থায় এ রকমই জবাবদিহি ও সুশাসন প্রদানের সদিচ্ছাই প্রত্যাশিত। আমরা আশা করব, বিদ্যুৎ মন্ত্রণালয় যে গণশুনানির আয়োজন করল, তার ধারাবাহিকতা বজায় থাকবে। 
বিদ্যুৎ না দিতে পারার অপারগতা ভিন্ন বিষয়। কিন্তু মানুষের কাছ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ-সংযোগ প্রদানের জন্য দরখাস্ত নেওয়া হবে, অথচ বছরের পর বছর কর্মকর্তারা তাতে সাড়া দেবেন না, এটা গ্রহণযোগ্য নয়। অধিকাংশ গ্রাহক অভিযোগ করেছেন, বিদ্যুৎ-সংযোগ পেতে দরখাস্ত পেশ করার পরে তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করে না। নওগাঁর বদলগাছি উপজেলার একটি এলাকার ১০টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগের জন্য ওয়্যারিং করার পর দেড় বছর পার হয়েছে। বিদ্যুৎ না পাওয়ার বঞ্চনার চেয়েও বেশি বেদনাদায়ক হচ্ছে, বিদ্যুৎ বিভাগের নীরবতা। নতুন সংযোগ চেয়ে করা প্রায় সাত লাখ আবেদন পড়ে আছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড দাবি করছে, তারা প্রতি মাসে এক লাখ নতুন সংযোগ দিচ্ছে। অথচ শুনানিতে তাদের সেবা নিয়েই বেশি প্রশ্ন উঠেছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের যুক্তির সঙ্গে আমরা একমত, কোনো গ্রাহকের আবেদন ফেলে রাখা যাবে না। সংযোগ না দিতে পারলে তার একটা সদুত্তর গ্রাহককে জানাতে হবে। আমরা সাধারণভাবে বলতে পারি, এ বিষয়ে আগ্রহ ব্যক্ত করা সহজ। কিন্তু জবাবদিহির ধারাবাহিকতা বজায় রাখা দুরূহ। বিদ্যুৎ মন্ত্রণালয় শুনানির পরে বাস্তব পরিস্থিতি বিচার–বিবেচনা ও পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে, সেটা খুব উত্তম কথা। আমরা আশা করব, এটা যেন লোক দেখানো কোনো বিষয়ে পরিণত না হয়। এ রকম গণশুনানির ব্যবস্থা আরও বহু ক্ষেত্রে প্রবর্তন করা যেতে পারে।