গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন (ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণীতে) রাখা হয়েছে। অষ্টম শ্রেণীতে চালু হবে ২০১৪ সাল থেকে। সৃজনশীল প্রশ্ন মূলত শিক্ষার্থীদের মনে সৃজনশীল ভাবনা জাগিয়ে তোলে। নিজে কিছু না কিছু করার স্পৃহা সৃষ্টি হয়, যা নিঃসন্দেহে তাদের মেধার বিকাশ ঘটায়। তাই একজন শিক্ষার্থীকে সৃজনশীল প্রশ্নোত্তরে দক্ষ হতে গেলে পুরো বইটি ভালোভাবে যত্নসহকারে (প্রতিটি পৃষ্ঠার প্রতিটি শব্দ) পড়তে হয়। এতে জানার পরিধি বিস্তৃত হয়।ছাত্রছাত্রীদের মনে গণিতভীতিটা সব সময়ই একটু বেশি কাজ করে। অনেক ছাত্রছাত্রীর কাছে (যারা বিশেষ করে গণিতে দুর্বল) অঙ্ক কষাটা রীতিমতো দুশ্চিন্তার বিষয়। গণিতে রচনামূলক ৬০ নম্বরের সৃজনশীল প্রশ্ন সেই দুশ্চিন্তার পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দেয়। এই প্রভাব বেশি পরিলক্ষিত হয় গ্রামের স্কুলগুলোতে, যার উন্নতি ঘটাতে শিক্ষকদের যত্নশীল হওয়া প্রয়োজন আরও বেশি।অন্যদিকে নৈর্ব্যক্তিক প্রশ্নে ৪০ নম্বরের ৪০টি প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক বেশি কষ্টকর ৪০ মিনিটে। এটা শিশুদের ছোট ছোট ভাবনার ওপর দারুণ নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রয়োজন প্রশ্ন কমানো কিংবা সময় বাড়ানো।গণিতে সৃজনশীল কাঠামো বলবৎ রাখার প্রয়োজন রয়েছে। কেননা ছাত্ররা গণিতের গভীরতা, তাৎপর্য, প্রয়োজনীয়তা, মূল্যবোধ ইত্যাদি মূল্যায়ন করতে শিখবে। আনন্দ পাবে নিজে নিজে কোনো সমস্যা সমাধান করে। তবে একে পরিপূর্ণ সার্থক করতে রয়েছে কিছু পরামর্শ।প্রথমত, গণিতে রচনামূলক প্রশ্নে ৬০ নম্বরের সৃজনশীল প্রশ্ন না করে প্রথমে তা ৩০ নম্বরের রাখা উচিত। বাকি ৩০ নম্বর আগের মতোই রাখা হবে। পরে ধীরে ধীরে এই সৃজনশীল নম্বর বাড়ানো (৩০-৬০) হবে।দ্বিতীয়ত, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রশ্ন তৈরি এবং উত্তর দেওয়ার প্রতি উৎসাহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে আন্তরিকতার সঙ্গে।তৃতীয়ত, বেশি বেশি ক্লাস টেস্ট (ছোট আকারে) নিয়ে গণিতভীতি দূর করতে হবে এবং খাতা মূল্যায়নে খুঁজে পাওয়া দুর্বল শিক্ষার্থীদের প্রতি অধিক যত্ন নিতে হবে।চতুর্থত, গাইড বইয়ের প্রতি নির্ভরশীলতা শূন্যের কোঠায় আনতে হবে। পাঠ্যবইকেন্দ্রিক দক্ষতা বাড়াতে হবে।পঞ্চমত, সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নগুলো প্রণয়ন ও শিক্ষাদানের (শ্রেণীকক্ষে) ব্যাপারে শিক্ষকদের অনেক বেশি যত্নশীল ও দক্ষতার পরিচয় দিতে হবে।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।