বাংলাদেশে মোবাইল ফোনভিত্তিক ব্যাংকিং সেবা দ্রুত প্রসারিত হচ্ছে। প্রথম আলোর এক প্রতিবেদন থেকেই জানা যায় যে দৈনিক গড়ে ২৫০ কোটি টাকা লেনদেন হচ্ছে। দেশের এক প্রান্ত থেকে নিমেষে ও সহজে আরেক প্রান্তে টাকা পাঠানোর কাজটি থেকে আরম্ভ করে উপযোগ বিল পরিশোধ করা, বেতন-ভাতা প্রদানসহ নানা আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকিং সেবার ওপর নির্ভরতা বাড়ছে। বিদেশ থেকে প্রবাসীরা দেশে স্বজনদের কাছে সহজে টাকা পাঠাতেও মোবাইল ব্যাংকিং বেছে নিচ্ছেন। বস্তুত দেশের কোটি কোটি মানুষ যারা এত দিন ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত ছিলেন বা ব্যাংকে যাওয়ার কোনো সুযোগ যাদের ছিল না, তাঁরা এখন ক্রমান্বয়ে ব্যাংকের মূল সেবা পাচ্ছেন একপ্রকার ঘরে বসেই। বলা যায়, এটি একধরনের নীরব বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায়। এর মধ্য দিয়ে আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারের নিরন্তর প্রয়াসটিও ক্রমেই জোরদার হচ্ছে।
মোবাইলে প্রতিদিন ২৫০ কোটি টাকার লেনদেনআসলে জীবনযাত্রার মান উন্নয়নে প্রযুক্তির সদ্ব্যবহার যে কতটা সুদূরপ্রসারী হতে পারে, তার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো মোবাইল ব্যাংকিং কার্যক্রম। স্বল্পোন্নত দেশগুলোতে এটি যেমন প্রয়োজন, তেমনি সুফলদায়ী। বাংলাদেশে তো বটেই, আফ্রিকার বিভিন্ন দেশে মোবাইল ব্যাংকিং ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা বিশ্বের কোটি কোটি গরিব মানুষকে দিয়েছে কম খরচে ও সহজে ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ। বাংলাদেশ ব্যাংক ২০০৮ সালের শেষভাগে এই মোবাইল ব্যাংকিং সেবা বিস্তারের যে উদ্যোগ নেয়, তা ধারাবাহিকভাবে আজকে এত দূর অগ্রসর হতে পেরেছে। এবং এটি আরও বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে। নীতিনির্ধারকেরা যদি সত্যিই জনকল্যাণে কাজ করতে আগ্রহী হন, তাহলে তা যে করা সম্ভব, এই মোবাইল ব্যাংকিংই তার অন্যতম প্রমাণ। তবে এর কিছু সীমাবদ্ধতা ও ঝুঁকি আছে। বিশেষ করে গ্রাহকরা প্রতারণার শিকার হতে পারেন নজরদারির অভাবে। আবার এজেন্টদের অর্থবহনের ক্ষেত্রে অর্থ ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটেছে। আগামী দিনে এ দিকগুলোয় নজর দিয়ে মোবাইল ব্যাংকিংকে আরও অর্থবহ ও বিস্তৃত করা হবে, এটাই কাম্য।