গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে খাদ্য উৎপাদনের উদ্বৃত্ত দেশে পরিণত করা, এমনকি খাদ্য রপ্তানিকারক হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার সঙ্গে চার কোটি মানুষের খাদ্যনিরাপত্তাহীনতার তেথ্য দৃশ্যত কিছুটা খটকা লাগে। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের খাদ্য কর্মসূচির যৌথ গবেষণায় এখন যে অপ্রিয় সত্যের ওপর নতুন করে আলো পড়ল, সেটা হলো বাংলাদেশকে খাদ্য উৎপাদনে খুব আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, তাকে আরও বহুদূর যেতে হবে। পাঁচ বছর বয়স পর্যন্ত খাদ্য–চাহিদা যেমন দরকার, সেটা বহু শিশুরই থাকছে না। পুষ্টিসম্মত খাদ্য খেতেও বিপুলসংখ্যক মানুষ এখনো অপারগ। আবার সামর্থ্য আছে কিন্তু বিশুদ্ধ পানি বা পয়ঃপ্রণালি-সংক্রান্ত সমস্যার কারণে পুষ্টিসম্মত খাদ্য খেয়েও তা অনেকের কাজে লাগছে না।
গবেষণায় দেখা যাচ্ছে, দেশের মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশ এখনো প্রয়োজনীয় পুষ্টিকর খাবার পায় না। অপুষ্টির কারণে প্রতি তিনটি শিশুর একটির বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এর ফলে জাতীয় উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। গবেষকেরা এর আর্থিক ক্ষতি প্রায় ১০০ কোটি ডলারের বেশি বলে উল্লেখ করেছেন। কিন্তু অপুষ্টির কারণে নাগরিকের মানসিক ও বুদ্ধিবৃত্তিক সম্পদের বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। এটা সহজে পরিমাপযোগ্য না হলেও ক্ষতির ব্যাপকতা ও গভীরতা অনুমান করা কষ্টসাধ্য নয়। সুতরাং, গবেষণার ফলাফলকে একটি ‘ওয়েক আপ কল’ হিসেবে দেখাই সমীচীন হবে।
রিপোর্টে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও শিশু অপুষ্টি হ্রাসে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করা হলেও সেটিকে যথেষ্ট নয় বলে সতর্ক করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গবেষণালব্ধ ফলাফলের সঙ্গে একমত হয়ে বলেছেন, গবেষণায় যেসব বিষয় উঠে এসেছে, তা বাংলাদেশের এসডিজি-২ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর প্রত্যাশা, দেশকে ২০২৪ সালের মধ্যে পুরোপুরি ক্ষুধামুক্ত করা সম্ভব হবে এবং ২০৩০ সাল নাগাদ দেশের পুষ্টি চাহিদা মেটানো যাবে।
তবে এ জন্য পুষ্টিমানসম্মত খাবার উৎপাদন এবং তা ভোক্তাদের ক্রয় সামর্থ্যের মধ্যে রাখতে সরকারকে কৌশলী হতে হবে। পুষ্টিসম্মত খাবারকে সহজলভ্য করতে দেশে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। খাদ্য উৎপাদন ও তার সুষ্ঠু সরবরাহ এবং স্বাস্থ্যবিধি অনুসরণের প্রতিটি ধাপে সতর্কতা ও যথাযথ পদক্ষেপ কাম্য।