গভর্নর নিয়োগে নীতিমালা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি দেশে সরকারই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়ে থাকে। অনেক দেশ এ ব্যাপারে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করলেও বাংলাদেশে সে ধরনের নীতিমালা নেই। ফলে বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এই বিতর্ক আরও জোরালো হয়েছে রিজার্ভ চুরির ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং তাৎক্ষণিকভাবে নতুন গভর্নর নিয়োগের ঘোষণায়।
গত বৃহস্পতিবারের প্রথম আলোর খবর থেকে জানা যায়, দেশে গত ৪৫ বছরে যে ১১ জন গভর্নর নিয়োগ পেয়েছেন, তাঁদের মধ্যে পেশাদার ব্যাংকার যেমন ছিলেন, তেমনি ব্যাংকিংয়ের বাইরের মানুষও ছিলেন।
স্বভাবতই প্রশ্ন ওঠে, বিভিন্ন পেশার মানুষকে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে কোন বিবেচনায়? পেশাগত জীবনে যঁাদের ব্যাংকিংয়ের সঙ্গে কোনো যোগ নেই, তাঁদের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান করা কতটা যুক্তিসংগত? যেকোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে নীতিমালা করা হয়, যাতে যোগ্যতম ব্যক্তিকে বেছে নেওয়া যায়। যোগ্য পদে যোগ্য ব্যক্তিকে বসালে সরকারই বেশি লাভবান হতে পারে।
গভর্নর নিয়োগের নীতিমালা নেই, সরকারের পছন্দই সব১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে ব্যাংক সংস্কার কমিটি গঠন করে, তারা বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গভর্নর, ডেপুটি গভর্নর, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের তালিকা তৈরির জন্য একটি জাতীয় ব্যাংকিং উপদেষ্টা পরিষদ গঠনের সুপারিশ করেছিল। কমিটি গভর্নরের সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর এবং তা আর না বাড়ানোসহ বেশ কিছু সুপারিশ করেছিল। কিন্তু সরকার এর কোনোটাই মানেনি।
বর্তমান সরকারের পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয় যে তাদের আগের আমলের অনেক নীতি ও কর্মসূচি বিএনপি সরকার বাতিল করায় সুশাসন ব্যাহত হয়েছে। কিন্তু এই ব্যাংক সংস্কার কমিটির বেলায় সে রকম কিছু ঘটেনি। তাহলে ২০০৯ সালে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসে সেই কমিটির সুপারিশ বাস্তবায়নে কেন সচেষ্ট হলো না? সেটি হলে হয়তো ব্যাংকিং খাতে অনেক কেলেঙ্কারিই এড়ানো যেত।
তাই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকসহ সব শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়নের পাশাপাশি ব্যাংকিং খাতে সব কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।