গভীর ও দূরদর্শী পদক্ষেপ নেওয়ার এখনই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবারের প্রথম আলো জানাচ্ছে, গত নয় মাসে প্রবাসী আয় আগের বছরের একই সময়কালের চেয়ে ১৭ শতাংশ কমেছে। গত বছরের নভেম্বর মাসেও প্রবাসী আয় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। এ বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় আবারও সেই সর্বনিম্ন অঙ্ক স্পর্শ করেছিল। সুতরাং, পতনের ধারাবাহিকতা থামছে না। বাংলাদেশ ব্যাংকের মতে, এই কমতির কারণ অবৈধ পথে টাকা পাঠানো বেড়ে যাওয়া। তাতে সরকার মুদ্রা হিসেবে ডলার ও রাজস্ব—দুই থেকেই বঞ্চিত হচ্ছে। পাশাপাশি তেলের দাম পড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংকট, অদক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াসহ কম কর্মসংস্থানও এই সমস্যাকে টিকিয়ে রাখছে।

এ সমস্যার স্বল্পমেয়াদি সমাধান নেই। হুন্ডি ও ব্যাংকিং চ্যানেলে ডলারের দামের পার্থক্য কমিয়ে আনা হতে পারে প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত, বেশি শ্রমিক আছে, এমন দেশের দূতাবাসকে সক্রিয় হতে হবে। আমাদের আরও দক্ষ ও শিক্ষিত শ্রমিক পাঠানোর ব্যবস্থাও করতে হবে। বিদেশে শ্রমবাজার স্থিতিশীল রাখায় সেসব দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখাও একটা পথ। প্রশ্ন হলো, আমাদের শ্রম ও প্রবাসীকল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কি কাজগুলো সন্তোষজনক মাত্রায় করতে পারছে? প্রায়ই বিদেশে শ্রমিক পাঠানোয় দুর্নীতির ঘটনায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের গাফিলতির যে খবর আসে, তাতে উত্তরটা আশাব্যঞ্জক থাকে না। ওদিকে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষের জন্য প্রবাসী আয়ের বড় এই উৎসও সমস্যাগ্রস্ত হতে পারে। জঙ্গিবাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হলে এ সমস্যা অন্যত্রও দেখা দেবে। এসব সমস্যা মোকাবিলা ও বিকল্প বাজার খোঁজার কোনো বিকল্প নেই।

প্রবাসী আয় কমে যাওয়ায় জাতীয় ভোগ কমে যাবে। এর প্রভাব পড়বে অভ্যন্তরীণ বাজারে। তা নেতিবাচক ছাপ রেখে যাবে জিডিপির প্রবৃদ্ধিতে। এই পড়তি জিডিপিতেও নেতিবাচক ছাপ রাখবে। এ অবস্থা চলতে থাকলে গ্রামের প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিরা শ্রেণি-উত্তরণের বদলে আরও নিচেই পড়তে থাকবেন। সরকারের নীতিনির্ধারকদের বিষয়টি নিয়ে গভীর ও দূরদর্শী পদক্ষেপ নেওয়ার এখনই সময়।