গভীর সংকটে সংবাদপত্রশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। আবার বিভিন্ন খাতের পক্ষ থেকেও তাঁর কাছে কিছু দাবিদাওয়া তুলে ধরা হয়। করোনা সংকটের কারণে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দু–একটি ব্যতিক্রম বাদে এ ধরনের আনুষ্ঠানিক বৈঠক করতে পারেননি। তারপরও বিভিন্ন খাতের পাশাপাশি নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষ থেকে বাজেট সামনে রেখে পাঁচ দফা প্রস্তাব পেশ করা হয়েছে। 

নোয়াবের প্রস্তাবের গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে সংবাদপত্রশিল্পের ওপর করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১০ থেকে ১৫ শতাংশ করা, নিউজপ্রিন্ট আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট (মূল সংযোজন কর) পুরোপুরি বাতিল করা, বিজ্ঞাপন আয়ের ওপর উৎস কর (টিডিএস) ৪ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা এবং উৎসস্থলে কাঁচামালের ওপর ৫ শতাংশের বদলে অগ্রিম কর (এআইটি) শূন্য শতাংশ করা। 

 সরকারের আইন অনুযায়ী, সংবাদপত্র একটি সেবামূলক শিল্প। অন্যান্য সেবা খাত সরকারের কাছ থেকে নানা রকম সুবিধা ও কর রেয়াত পেয়ে থাকে। কিন্তু সংবাদপত্রশিল্প সেসব থেকে বঞ্চিত। তৈরি পোশাক খাত মুনাফা অর্জনকারী শিল্প। তাদের করপোরেট ট্যাক্স দিতে হয় ১০ থেকে ১২ শতাংশ হারে। এর বাইরেও তারা নানা রকম প্রণোদনা পেয়ে থাকে। অন্যদিকে সংবাদপত্রশিল্পের ওপর করপোরেট ট্যাক্স ৩৫ শতাংশ। এটা কেবল অযৌক্তিক নয়, চরম বৈষম্যমূলকও। অন্যদিকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে সেবা খাত হিসেবে সংবাদপত্রশিল্পকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ এই শিল্পের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্টের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এ নিয়ে এক দশক ধরে অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা ও বৈঠক হলেও কোনো ফল মেলেনি। এই পরিস্থিতি খুবই হতাশাজনক। 

নোয়াব সভাপতি এ কে আজাদ বলেছেন, সংশ্লিষ্ট মন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যখন আলোচনা হয়, তখন তাঁরা নোয়াবের প্রস্তাবগুলোর সঙ্গে একমত হন, বিবেচনার আশ্বাস দেন, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। এ বছর নোয়াব নেতারা অর্থমন্ত্রী ছাড়াও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করে সংবাদপত্রশিল্পের সমস্যাগুলো তুলে ধরেছেন। 

 সংবাদপত্রশিল্প বর্তমানে এক ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদমাধ্যমের ডিজিটাল রূপান্তর ঘটছে কিন্তু ডিজিটাল মাধ্যমে বর্তমানে আয়ের সুযোগ খুবই সামান্য। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সংবাদপত্রের আয় কমছে। এর মধ্যে তিন মাস ধরে চলা করোনা সংকট পরিস্থিতিকে শোচনীয় করেছে। সংবাদপত্রের আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। লকডাউনের সময় পত্রিকাগুলো ছিল প্রায় বিজ্ঞাপনশূন্য। খুব দ্রুত পরিস্থিতি আগের জায়গায় ফিরে আসার সুযোগ নেই। সংবাদপত্রের অস্তিত্ব রক্ষাই এখন কঠিন হয়ে পড়েছে। 

করোনা পরিস্থিতির কারণে ভারত ও পাকিস্তানে এই শিল্পে নিয়োজিত কর্মীদের সুরক্ষায় প্রণোদনা দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদপত্রশিল্প সরকারের কাছে বাড়তি কোনো সুবিধা চাইছে না। অন্যান্য সেবামূলক শিল্প যেসব সুবিধা পেয়ে থাকে, সেসব থেকে সংবাদপত্রশিল্প কেন বঞ্চিত হবে? 

আমরা আশা করব, সরকার, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ সংবাদপত্রশিল্পের বর্তমান সংকট উপলব্ধি করবে এবং এই শিল্পের করপোরেট কর ৩৫ শতাংশ থেকে ১০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা এবং সংবাদপত্রশিল্পের জন্য আমদানি করা নিউজপ্রিন্টের ওপর থেকে ভ্যাট পুরোপুরি প্রত্যাহারসহ নোয়াবের পাঁচ দফা যৌক্তিক দাবি মেনে নেবে। আজ জাতীয় সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাবে এর প্রতিফলন থাকবে, এটাই প্রত্যাশিত।