গম রক্ষায় আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলাম ও যুক্তরাজ্যের বিজ্ঞানী অধ্যাপক সোফিয়েন কামাউনের নেতৃত্বাধীন গবেষকদের উদ্যোগে গমের ব্লাস্ট রোগের জন্য দায়ী ছত্রাকের জিনগত বৈশিষ্ট্য শনাক্ত করার বিষয়টি এক গুরুত্বপূর্ণ সাফল্য। এই রোগটি আমাদের দেশে এবারই প্রথম দেখা গেলেও বিজ্ঞানীদের আশঙ্কা, আগামী বছর এটি পুরো এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। কিন্তু সেই শঙ্কা যে দূর করা সম্ভব, সেটা এখন অন্তত তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত হলো। এবার প্রতিকারের উদ্যোগ বাস্তবায়নের পালা।
এ বছরের ফেব্রুয়ারিতে দেশের সাতটি জেলার গমের আবাদে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত গমের দানা পরিণত হওয়ার আগেই সাদা হয়ে নষ্ট হয়ে যায়। ফলে ফসলের প্রায় ৯০ শতাংশ নষ্ট হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোগাক্রান্ত গমখেত পুড়িয়ে ফেলার পরামর্শ দেয়। বারি হিসাব দেয়, দেশের গম উৎপাদনকারী এলাকা মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলার প্রায় ১৫ হাজার হেক্টর জমির গম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গম পৃথিবীর এক নম্বর ফসল, আর এশিয়া হচ্ছে সেই গম উৎপাদনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র। তাই এশিয়ায় এই রোগ ছড়িয়ে পড়লে বিশ্ববাজারে গমের ব্যাপক ঘাটতি সৃষ্টি হতো। ফলে এই আবিষ্কারের গুরুত্ব অপরিসীম। বিগত কয়েক বছরে বাংলাদেশে গমের উৎপাদন বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রতিবছর প্রচুর গম আমদানি করতে হয়। এমনকি পচা গম আমদানি নিয়ে কেলেঙ্কারিও কম হয়নি। এই আবিষ্কার দেশের গমের ফলন বাড়ানোর সহায়ক হলে আমদানি কমবে ও আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব।
বাংলাদেশের বিজ্ঞানী মাকসুদুল আলম ২০১০-১৪ সাল পর্যন্ত গবেষণা করে পাটের জীবনের জিনগত বৈশিষ্ট্য আবিষ্কার করেন। আর এবার ব্লাস্টের জন্য দায়ী ছত্রাকের জিনগত বৈশিষ্ট্য শনাক্ত করলেন আরেক বাংলাদেশি বিজ্ঞানী তোফাজ্জল ইসলাম। ইতিপূর্বে আমাদের গবেষকেরা ধানেরও বেশ কিছু উন্নত জাত উদ্ভাবন করেছেন। অর্থাৎ জৈব প্রযুক্তির গবেষণায় আমরা উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছি। এ ধারা অব্যাহত থাক, এটাই আমাদের আকাঙ্ক্ষা।