গরিবের চাল ধনীদের পেটে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোয় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ‘ডিলারকে জরিমানা, অনিয়মের অভিযোগ’, ‘গরিবের চাল পাচ্ছেন ধনীরা’, ‘সুরম্য বাড়িতে যায় ১০ টাকার চাল’, ‘আ.লীগ নেতা-চেয়ারম্যানের দ্বন্দ্বে চাল পাচ্ছেন না গরিবেরা’।  সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি নিয়ে এ রকম বহু খবর ছাপা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি এতই গুরুতর যে জাতীয় সংসদেও এ নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলের সাংসদদের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এ ব্যাপারে তিনি সাংসদদেরও সহযোগিতা চেয়েছেন। কিন্তু তারপরও পরিস্থিতির উন্নতি হয়েছে বলা যায় না। অভিযোগ আছে, স্বার্থান্বেষী মহল স্থানীয় অসাধু জনপ্রতিনিধি ও ডিলারদের যোগসাজশে খাদ্যবান্ধব কর্মসূচির চাল গরিবদের না দিয়ে মজুত করছে। ফলে বাজারে চালের দাম না কমে বেড়ে চলেছে। এতে যেমন গরিবেরা বঞ্চিত হচ্ছেন, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সব শ্রেণির ক্রেতা। গরিবের চাল নিয়ে এই জোচ্চুরি চলতে দেওয়া যায় না।

যেসব স্থানীয় জনপ্রতিনিধি, ডিলার ও চাল ব্যবসায়ী চাল কেলেঙ্কারির সঙ্গে জড়িত, অবিলম্বে তাদের আইনের আওতায় আনা হোক। লোক দেখানো জরিমানা নয়, গরিবের হক কেড়ে নেওয়া দুর্বৃত্তদের কঠোর শাস্তি দিতে হবে। কেবল খাদ্যবান্ধব কর্মসূচি নয়, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি নিয়েও বেশুমার দুর্নীতি ও অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকেও জবাবদিহির আওতায় আনার বিকল্প নেই।