হতদরিদ্র ব্যক্তিদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি আশার বদলে আশঙ্কাই জাগাচ্ছে। দুইভাবে এটা হচ্ছে, প্রকৃত দরিদ্র ব্যক্তিদের বদলে অনেক ক্ষেত্রেই এই সুবিধা হাতিয়ে নিচ্ছেন সচ্ছল ব্যক্তিরা। দ্বিতীয়ত, প্রতি মাসে ৩০ কেজির জায়গায় অনেকেই পাচ্ছেন ১১ কেজি করে কম। এর মাধ্যমে ক্ষমতার নিকটজনেরা সরকারি সুবিধা নিয়ে লাভবান হওয়ার আরেকটি দুর্নীতির খাত সৃষ্টি করলেন।
গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ হতদরিদ্র পরিবারপ্রতি মাসে ৩০ কেজি চাল ১০ টাকা কেজি দরে দেওয়ার এ কর্মসূচির উদ্বোধন করেন। গবেষণা সংস্থা সিপিডি (সেন্টার ফর পলিসি ডেভেলপমেন্ট) তাদের নিজস্ব অনুসন্ধান থেকে জানাচ্ছে, প্রত্যেক উপকারভোগী গত তিন মাসে গড়ে ১১ কেজি চাল কম পেয়েছেন।
গত ১১ অক্টোবর প্রথম আলো পাঁচটি জেলায় সরেজমিন অনুসন্ধান করে দরিদ্র ব্যক্তিদের চাল নিয়ে নয়ছয়ের বিস্তর প্রমাণ প্রকাশ করে। অন্যান্য গণমাধ্যমেও অনুরূপ চিত্র উঠে এসেছে। সরকারি চাকরিজীবী, স্কুলশিক্ষক, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ বিত্তশালীরা দরিদ্রদের হকে ভাগ বসাচ্ছেন।
সিপিডির মতে, বিতরণব্যবস্থায় অদক্ষতার কারণে এমনটি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে কার্ড দেয়। অনিয়ম, অদক্ষতা, দুর্নীতির উৎস এখানেই। পরের ধাপটিতে তছরুপে জড়িত একশ্রেণির ডিলার। ত্রাণ বিতরণ, সার বিক্রিসহ সরকারি সুবিধা বণ্টনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে আমাদের। কিন্তু এত দিনেও অদক্ষতা কিংবা দুর্নীতি দূর না হওয়ার কারণ কী?
অভিযোগ রয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে দরিদ্র ব্যক্তিদের কোনোভাবে টিকিয়ে রাখাও যেমন হয়, তেমনি এটা তৃণমূল পর্যায়ের সরকার-সমর্থকদের খুশি রাখারও উপায়। প্রথম আলোর কাছে ভুক্তভোগী পরিবার ও ইউপি সদস্যরা অভিযোগ করেছেন, রাজনৈতিক বিবেচনায় লোকজনকে ডিলারশিপ দেওয়ার কারণে অনিয়ম হচ্ছে। তা যদি না হবে, তাহলে লাভের গুড় বারবার পিঁপড়ারা খেয়ে যেতে পারছে কীভাবে?
সর্বদলীয় কমিটি, স্থানীয় সমাজনেতাদের মাধ্যমে কার্ড বিতরণ, খাদ্য বিভাগের কঠোর নজরদারি ও দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা কর্মসূচিটিকে সঠিক পথে রাখার উপায়।