চিকিৎসাসেবা নিয়ে গবেষণার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী একটি প্রয়োজনীয় বিষয়ে গুরুত্বারোপ করেছেন। এর উদ্দেশ্য হবে মানুষের জন্য কম খরচে মানসম্পন্ন চিকিৎসার ব্যবস্থা করা। তিনি চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন। কিন্তু গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্থকতা থাকে না। বর্তমানে একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ রোগীর চিকিৎসার চাপে ভারাক্রান্ত। পাশাপাশি গবেষণার কাজটিও তাদের চালিয়ে যেতে হবে।
বিশ্বব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে গড়ে আড়াই হাজার জনে মাত্র একজন চিকিৎসক আছেন। জনপ্রতি স্বাস্থ্য খাতে ব্যয় গড়ে বছরে প্রায় দুই হাজার ২৮ টাকা (২৬ মার্কিন ডলার), যার ৬০ শতাংশ অর্থাৎ প্রায় এক হাজার ২১৭ টাকা রোগীর পকেট থেকে যায়। দেশে চিকিৎসাসেবা উন্নয়নে অনেক কিছু করার আছে।
বাংলাদেশে অবশ্য একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিক সেন্টারে সাধারণ অসুখ-বিসুখের জন্য রোগীদের ৩০ ধরনের ওষুধ বিনা পয়সায় দেওয়া হয়। ঠান্ডাজ্বর, সর্দি-কাশি বা পেটের অসুখের জন্য এখন গ্রামের মানুষের খরচ অনেক কমে গেছে। এ পর্যন্ত তিনটি জরিপে এ ব্যবস্থা সম্পর্কে ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘কমিউনিটি ক্লিনিক: হেলথ রেভল্যুশন ইন বাংলাদেশ’ শিরোনামে একটি প্রকাশনার উদ্যোগ নিয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে পরিকল্পিত পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সাধারণ মানুষের জন্য সহজ চিকিৎসাসেবার এ পদ্ধতিটি দাঁড় করিয়েছে। এর পেছনে কিছু গবেষণাও ছিল।
মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা যেন নতুন নতুন রোগের সহজ চিকিৎসা নিয়ে গবেষণা করতে পারেন, সে জন্য সরকারকে তহবিল জোগান দিতে হবে। ভালো গবেষণাকাজে আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠানের কাছ থেকেও তহবিল পাওয়া সম্ভব।
আইসিডিডিআরবির আবিষ্কৃত খাওয়ার স্যালাইন ও মাতৃমৃত্যুরোধে সম্প্রতি আবিষ্কৃত ‘কাইয়ুমস ম্যাট’ বিশ্বে মডেল রূপে স্বীকৃতি পেয়েছে। মূলত আমাদের চিকিৎসকেরাই এসব গবেষণা করেছেন। পরিকল্পিত উদ্যোগ থাকলে অনেক কিছু করা সম্ভব।