গরুতে স্বনির্ভরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর হাটে ১০ লাখ গরু বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু এ থেকে আমরা ভিন্ন তথ্যও পাচ্ছি। বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট সুখবর হলো, গরু উৎপাদনে দেশ স্পষ্টতই স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে রয়েছে। ভারতীয় নীতিনির্ধারকদের একটা সাধুবাদই প্রাপ্য, যদিও তারা অশুদ্ধ চিন্তায় তাড়িত হয়ে বাংলাদেশে ভারতীয় গরুর রপ্তানি বন্ধ করেছিলেন। কিন্তু বালাই ষাট, বিপরীতে হিত হয়েছে। তিন বছর আগে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশে গরু পাঠানোর লাগাম টেনে ধরার কারণে বাংলাদেশে গরুর দাম ৩০ শতাংশ বেড়ে গেছে, এটা আরও বাড়বে, এবং একপর্যায়ে গরু ভক্ষণই সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে! তাদের পত্রিকায় খবর বেরিয়েছিল, ভারতীয় গরু কিনতে ৩১ হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশ।

গরু উৎপাদনকারীদের তাই অভিনন্দন। তঁারা এক অর্থে মাত্র তিন বছরের ব্যবধানে দেশকে গরুতে স্বনির্ভর করার গৌরব অর্জন করতে পেরেছেন। এই ঘটনা জাতীয় মনোবল বৃদ্ধির পথেও বিরাট প্রভাব ফেলবে। আরও একবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের শ্রমজীবী সমাজ কত বেশি মেধাবী এবং দক্ষ। তারা যে দিনে দিনে নানা ক্ষেত্রে এভাবে উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাবে, তাতে সন্দেহের অবকাশ দেখি না। বরং গরু লালনপালনের সঙ্গে সংশ্লিষ্টদের সহজ শর্তে ঋণসুবিধা, সুলভে গো-খাদ্যের জোগান ও চামড়া প্রক্রিয়াজাতকরণের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।   

এখন গরু লালনপালনে অভাবনীয় সাফল্যের পটভূমিতে আমরা কয়েকটি জরুরি বিষয়ে নীতিনির্ধারকদের মনোযোগ আকর্ষণ করি। সর্বাগ্রে মনে রাখা দরকার, বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু আমিষের পরিমাণ আশঙ্কাজনকভাবে কম। সাম্প্রতিক বছরগুলোতে এক কেজি গরুর দাম এতটাই বেড়েছে যে নিম্নবিত্তের মানুষেরও তা কিনতে হিমশিম খেতে হয়। সুতরাং গরুর উৎপাদনকে শুধু কোরবানিকেন্দ্রিক একটি বিষয় হিসেবে দেখা যাবে না। একে সারা বছর বৃহত্তর নাগরিক গোষ্ঠীর জন্য কম দামে আমিষের সরবরাহের একটি বড় উৎস হিসেবে বিবেচনা করতে হবে।

লন্ডন টেলিগ্রাফের ২০১৮ সালের মার্চের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম মাংস ভক্ষণকারী ২০টি দেশের তালিকায় বাংলাদেশের নামটিই দুর্ভাগ্যজনকভাবে শীর্ষে। একজন বাংলাদেশির মাথাপিছু আমিষের গড় জোগান মাত্র চার কেজি, যেখানে একজন আমেরিকান ৩০ গুণ বেশি মাংস ভক্ষণ করে। নিরামিষভোজী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি ইথিওপিয়াও আমাদের থেকে এ ক্ষেত্রে এগিয়ে। সুতরাং এখন সময় এসেছে, সব রকমের নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে গরুবিপ্লবের সুফল সাধারণ মানুষ সারা বছর ধরে ভোগ করতে পারে। আমরা সেই দিনগুলোকে একেবারেই পেছনে ফেলতে চাই, যখন আমরা দীর্ঘকাল ভুলক্রমে গরুর চোরাচালানকে টিকিয়ে রাখা বা তার প্রতি শিথিল মনোভাব পোষণ করাকেই একটা গণস্বার্থসংশ্লিষ্ট বিষয় মনে করেছি।

গরুবিপ্লব সত্যিই আমাদের সবার চোখ খুলে দিয়েছে। একে এখন একটি শিল্প হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।