গর্ত ধসে আবার শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে একের পর এক শ্রমিক হতাহত হলেও প্রশাসন কী 

কারণে পাথর উত্তোলন বন্ধ করতে পারছে না, সেটা আমাদের কাছে এক বড় প্রশ্ন। বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত এক খবর অনুযায়ী, গত বুধবার টিলার একটি ব্যক্তিমালিকানাধীন জায়গা খুঁড়ে পাথর তোলার সময় ঢাল ধসে গর্তে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন পাথরশ্রমিক। আহত হয়েছেন আরও কয়েকজন।

পাথরখেকোদের একটি চক্র ২০০৯ সাল থেকে নানা কৌশলে শাহ আরেফিন টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলন করছে। তবে বিষয়টি প্রথম ধরা পড়ে ২০১৭ সালের ২৩ জানুয়ারি টিলা কেটে পাথর উত্তোলনের সময় ধসে একসঙ্গে ছয়জন পাথরশ্রমিক নিহত হওয়ার পর। এরপর থেকে প্রায় দেড় বছরে ওই টিলায় ধসের ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন পাথরশ্রমিক। এর মধ্যে এ বছরই নিহত হয়েছেন পাঁচজন শ্রমিক।

পাথরশ্রমিকেরা সাধারণত মাটির তলদেশে বোমা মেশিন নামের পাওয়ার পাম্পযন্ত্র দিয়ে পাথর উত্তোলন করে থাকেন। কিন্তু বোমা মেশিন ব্যবহারের ফলে ভূগর্ভস্থ মাটির স্তরের পরিবর্তন হয়। এতে ভূমিধস হওয়ার আশঙ্কা থাকে। এ আশঙ্কা থেকেই বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এটা নিষিদ্ধ করার জন্য উচ্চ আদালতের কাছে আবেদন করে। পরে উচ্চ আদালতের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর ২০১০ সালে এই বোমা মেশিনের ব্যবহার নিষিদ্ধ করে। কিন্তু এরপরও এই যন্ত্রের ব্যবহার থামেনি। ফলে ঘটে চলেছে গর্তধসের ঘটনা।

কোম্পানীগঞ্জসহ সিলেটের ছয়টি উপজেলার পাহাড় ও টিলা কাটার ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাহাড় ও টিলা কাটা চলছেই। এতে যে শুধু মানুষের প্রাণহানি ঘটছে তা নয়, গুরুতর বিপর্যয়ের মুখে পড়ছে সংশ্লিষ্ট এলাকার প্রকৃতি এবং পরিবেশও। কিন্তু এসব দেখার যেন কেউ নেই। টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের পেছনে রয়েছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এসব ব্যবসায়ী ‘পাথরখেকো’ হিসেবে পরিচিত। বছরের পর বছর ধরে তাঁরা শ্রমিকদের দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

তাহলে স্থানীয় প্রশাসন কী করছে? আর পরিবেশ অধিদপ্তরই-বা বসে আছে কেন? এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া গেলে পাথর উত্তোলন এবং গর্ত ধসে এভাবে শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটত না। স্থানীয় প্রশাসনেরও কি এতে স্বার্থ রয়েছে? কেননা, তাদের সহযোগিতা ছাড়া বছরের পর বছর ধরে এই অবৈধ কাজ চলা সম্ভব নয়।

চিহ্নিত পাথরখেকোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যাঁরা পাথর উত্তোলনে মদদ দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। এর কোনো বিকল্প নেই।