গর্ভাবস্থায় পুষ্টি ও স্বাস্থ্যসেবা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রতিবছর কত শিশু জন্মগত ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হয়, তার কোনো পরিসংখ্যান নেই। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে—এমন ১২ হাজার ৬৮৯ শিশুর ওপর জরিপ চালিয়ে যে চিত্র পাওয়া গেছে, তা আঁতকে ওঠার মতো। ওই শিশুদের প্রায় ৪৫ শতাংশেরই জন্ম হয়েছে কোনো না–কোনো শারীরিক ত্রুটিসহ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে, সারা বিশ্বে জন্মগত ত্রুটি নিয়ে যত শিশু ভূমিষ্ঠ হয়, তাদের ৫০ শতাংশের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না। তবে বাকি ৫০ শতাংশের ক্ষেত্রে যেসব কারণ চিকিৎসক ও গবেষকেরা চিহ্নিত করেন, বাংলাদেশে সেগুলো প্রধানত দারিদ্র্য ও অসচেতনতার সঙ্গে সম্পর্কিত। লক্ষ করার বিষয়, এ দেশে যে শিশুরা এমন অপ্রতিকার্য দুর্ভাগ্য নিয়ে জন্ম নিচ্ছে, তাদের ৯৪ শতাংশই নিম্ন ও মধ্য আয়ের পরিবারের সন্তান। এই জনগোষ্ঠীর মধ্যে নারীদের গর্ভকালীন পুষ্টি, যত্ন, চিকিৎসাসেবা মোটেও পর্যাপ্ত নয়। উপরন্তু গর্ভাবস্থায় কোনো অসুখ-বিসুখ হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ সেবনের প্রবণতা তাঁদের মধ্যে ব্যাপক।
এই সমস্যাগুলো সহজে ও স্বল্প সময়ে সমাধানযোগ্য নয়। কিন্তু রাষ্ট্রের তরফ থেকে এদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। নারীর, বিশেষত প্রসূতিদের স্বাস্থ্য-পরিস্থিতির সার্বিক উন্নয়ন সাধনের প্রতি বিশেষভাবে জোর দিতে হবে। তাঁদের সচেতনতা
বাড়ানোর উদ্যোগ নিতে হবে জাতীয়ভাবে এবং স্থানীয় পর্যায়ে। পরিবারের পুরুষ সদস্যদের সচেতনতাও গুরুত্বপূর্ণ। বিশেষত, এই সচেতনতা যে নারীর পুষ্টি ও স্বাস্থ্য কম গুরুত্বপূর্ণ নয়, বরং গর্ভাবস্থায় তা অতিগুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন বাড়তি পুষ্টি জোগানো, নিয়মিত চিকিৎসক দেখানোর পাশাপাশি শারীরিক যত্ন ও মানসিক সমর্থন বেশ প্রয়োজন।
আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হাসপাতাল-মাতৃসদনে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের হাতে সন্তান প্রসব, যা থেকে বঞ্চিত এ দেশের সিংহভাগ প্রসূতি।