গাছ আমাদের পরম বন্ধু। গাছ ধ্বংস করা মানে নিজেকে ধ্বংস করা—এই কথাটা বোধ করি ওয়াহিদ সরদারের চেয়ে ভালো আর কেউ বেশি বোঝেন না। তাইতো তিনি গাছ রোপণের পাশাপাশি গাছ থেকে পেরেক অপসারণের কাজ শুরু করেছেন।
সোমবার প্রথম আলোর খুলনা সংস্করণে বৃক্ষপ্রেমী ওয়াহিদ সরদারের এই পেরেক অপসারণ অভিযানের খবর প্রকাশিত হয়। খবর অনুযায়ী ওয়াহিদ সরদারের বাড়ি যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামে। পেশায় রাজমিস্ত্রি ওয়াহিদ কাজের পাশাপাশি গাছ রোপণ করে চলেছেন। গত ১৩ বছরে যশোর জেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি হাজার হাজার গাছ লাগিয়েছেন। গত ৪ জুলাই থেকে তিনি গাছের গা থেকে পেরেক তোলা শুরু করেছেন। বিভিন্ন সভা-সমাবেশ ও উৎসব উপলক্ষে ব্যানার, ফেস্টুন বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ড ও সাইনবোর্ড লাগানোর জন্য অনেকে গাছের শরীরে পেরেক ঠোকেন। সেই সব পেরেক ওয়াহিদ সরদার তুলছেন। কারণ, গাছে পেরেক ঠোকার বিষয়টি তাঁকে কষ্ট দেয়। যশোরের বিভিন্ন এলাকার রাস্তার ধারের গাছ থেকে পেরেক তুলে তিনি এখন ঝিনাইদহে অবস্থান করছেন। ওয়াহিদ সরদারের এ উদ্যোগ নজিরবিহীন এবং নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
গাছ কোনো জড়বস্তু নয়। গাছেরও প্রাণ আছে। একেকটা গাছ একেকটা অক্সিজেনের কারখানা। কিন্তু তারপরও মানুষের নিষ্ঠুরতার হাত থেকে গাছ রক্ষা পাচ্ছে না। মানুষ নিজেদের স্বার্থে যখন-তখন বিলবোর্ড, সাইনবোর্ড লাগানোর জন্য গাছে পেরেক ঠুকছেন। এটা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। অথচ পরিবেশবিদদের মতে, পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয়, তা দিয়ে পানি ও এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া ও অণুজীব ঢোকে। এতে গাছের ওই জায়গায় দ্রুত পচন ধরে। ফলে তার খাদ্য ও পানি শোষণপ্রক্রিয়া ব্যাহত হয়। এতে গাছ মারাও যেতে পারে। তাই কোনো গাছে পেরেক ঠোকা মানে ওই গাছের চরম ক্ষতি করা। যেখানে আমাদের বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা প্রয়োজন, সেখানে আমরা উল্টো গাছের ক্ষতি করে চলেছি।
আমাদের সবার উচিত ওয়াহিদ সরদারকে অনুসরণ করা। তাঁর এ উদ্যোগে শামিল হওয়া বা একই রকম উদ্যোগ নেওয়া। আসুন, সবাই আমরা শপথ নিই ‘নিজেদের স্বার্থে গাছের শরীরে আর পেরেক ঠুকব না’। সরকারকেও এ ব্যাপারে নজর দিতে হবে। গাছ রক্ষায় কঠোর নীতিমালা ও আইন প্রণয়ন করা এখন জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নিতে হবে।