গাজীপুর সিটি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির আমেজের মধ্যে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা শুরু হলেও সেখানে দিন যতই গড়াবে, ততই প্রশাসনিক রদবদলের প্রশ্ন বড় হয়ে দেখা দিতে পারে। বিশেষ করে মাঠ সমতল করার বিষয়ে প্রথমেই প্রশ্ন দেখা দেবে জেলা পুলিশ সুপারের বদলি নিয়ে। এর আগে বিএনপি কেন্দ্রীয়ভাবে পুলিশ সুপারের বদলির দাবি জানিয়েছিল। এটা বিশ্বাস করার কারণ আছে যে পুলিশ সুপারের খুঁটি শক্ত। জনপ্রশাসনের সাধারণ বদলি নীতি অনুযায়ী এক কর্মস্থলে তিন বছরের বেশি কারও থাকা সংগত নয়। এই একটি বিবেচনা থেকেই পুলিশ সুপারকে বদলি করে দিতে ইসি সুপারিশ করতে পারে।

কিন্তু বিএনপি তাঁকে সরানোর দাবি তোলার পরে ইসি গাজীপুরে বলেছে, কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ না থাকলে কী করে তারা সরাবে? কিন্তু ইসি অস্বীকার করতে পারে না যে বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুককে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই উঠেছিল। উপরন্তু বর্তমান ইসি স্বতঃপ্রণোদিতভাবে বর্তমান এসপিকে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকালে অনধিক তিন মাসের জন্য তাঁকে প্রত্যাহারও করেছিল।  

আমরা আশা করব, খুলনার সাম্প্রতিক সিটি নির্বাচনে ইসির ভূমিকা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, তার পুনরাবৃত্তি যাতে গাজীপুরে না ঘটে—সে বিষয়ে তারা সতর্ক থাকবে। আইনশৃঙ্খলা অভিযানের নামে বিএনপির নেতা-কর্মী, বিশেষ করে যাঁরা নির্বাচনী প্রচারের কাজে যুক্ত তাঁদের যাতে গয়রহ ধরপাকড় না করা হয়।  খুলনার সিটি নির্বাচনে কারচুপি ও অনিয়মের যে ‘বিচ্ছিন্ন’ অথচ গুরুতর ঘটনাগুলো ঘটেছে বলে গণমাধ্যমে এসেছে, সে বিষয়ে ইসির তদন্ত ও ব্যাখ্যা বিশ্বাসযোগ্য ছিল না। খুলনার কথিত মতে, ‘শান্তিপূর্ণ নিয়ন্ত্রিত’ নির্বাচনের ধারাবাহিকতা যদি গাজীপুরেও ইসি বজায় রাখতে চায়, তাহলে তা তার নিরপেক্ষ রেফারির ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ হবে। 

খুলনায় যেভাবে দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই অনেকটাই সেয়ানে সেয়ানে ছিল এবং দুই বড় দলের সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে যেভাবে প্রচারকাজ চালিয়েছেন, ঠিক তেমনটা গাজীপুরে না-ও ঘটতে পারে। আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন লাভ নিয়ে দলের অভ্যন্তরে টানাপোড়েন ছিলই। হাইকোর্টের আদেশে আকস্মিক নির্বাচন স্থগিত হওয়াকে আওয়ামী লীগ প্রার্থী ‘সরকারের বিরুদ্ধে চক্রান্তের অংশ’ হিসেবে গণ্য করেছিলেন।

তবে ধারণা করা যায়, আওয়ামী লীগ তার সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে নির্বাচনী প্রচারণায় সর্বাত্মক শক্তি দেখাতে চাইবে। নির্বাচনী প্রচারণা শুরুর এক দিন আগে সেখানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী হতে দেখা গেছে। পরিবর্তিত বিধানের আওতায় এই নির্বাচনে সাংসদদের নামার সুযোগ নেই। কিন্তু নির্বাচন প্রচারণায় সরকারি শিবিরের তরফে নানাভাবে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা রয়েছে।

বিএনপি হুঁশিয়ার করে দিয়েছে যে গাজীপুরের নির্বাচন দেখে তারা আগামী ৩০ জুলাইয়ে অনুষ্ঠেয় বরিশাল, সিলেট ও রাজশাহীর সিটি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে। এর উত্তরে যদিও আওয়ামী লীগ বলেছে এটা বাগাড়ম্বর, তারা নির্বাচনে ঠিকই যাবে। আমরা বলব, ইসির উচিত হবে বিএনপির অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া।

মনে রাখতে হবে, আগামী সাধারণ নির্বাচনে বিএনপি যাতে অংশ নিতে পারে, সে জন্য ইসির তরফে আস্থা বৃদ্ধির সব রকম বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি, ক্ষমতাসীন দলের হারার মানসিকতা থাকতেই হবে। খুলনায় মাঠ অসমতল রাখতে ইসিকে চাপে রেখেছিল সরকারি দল, এবার তার পুনরাবৃত্তি দেখতে চাই না।