রাত পোহালেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। যে |প্রেক্ষাপটে নির্বাচনটি হচ্ছে, তাতে স্থানীয় সরকার সংস্থার এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু গাজীপুরবাসী নয়, সারা দেশের মানুষই তাকিয়ে আছে এই নির্বাচনের প্রতি।
রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচন পরিচালনার দায়িত্ব সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দল ও প্রার্থীরা স্বেচ্ছায় নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন, সেটি আশা করা যায় না। বরং সুযোগ পেলে তাঁরা জয়ী হওয়ার জন্য নানা অপকৌশল ও জোরজবরদস্তির আশ্রয় নিয়ে থাকেন। এই কাজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের ব্যবহার করতেও দ্বিধা করেন না। অতএব, নির্বাচন কমিশনের দায়িত্ব শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনী-প্রক্রিয়ার ওপর কঠোর নজর রাখা, যাতে কোনোভাবেই কোনো প্রার্থী কিংবা তাঁর সহযোগীরা নির্বাচনী আইন লঙ্ঘন করতে না পারেন।
এখন দেখার বিষয়, কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) সেই দায়িত্ব পালন করতে পারছে কি না। প্রথমেই তারা হোঁচট খেয়েছে নির্ধারিত সময়ে নির্বাচনটি করতে না পেরে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা না চেয়ে সরাসরি নির্বাচন স্থগিত বা বাতিল করা আইনের পরিপন্থী। অথচ গাজীপুর সিটি নির্বাচনের ক্ষেত্রে সেটাই ঘটেছে। পরে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, বিএনপি ও নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে ৩০ জুনের মধ্যে নির্বাচন করার জন্য কমিশনকে নির্দেশ দেন। এটি মন্দের ভালো হলেও নির্বাচন কমিশনের কোনো কৃতিত্ব নেই। তারা ঢাকা উত্তরের স্থগিত হয়ে যাওয়া নির্বাচন অনুষ্ঠানে কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি। সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে মাসের পর মাস কোনো নির্বাচন আটকে থাকতে পারে না।
সে যা-ই হোক, দ্বিতীয় দফা তফসিল অনুযায়ী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন পুরোপুরি ভয়ভীতিহীন পরিবেশে অনুষ্ঠিত হবে—সেটাই সবার প্রত্যাশা। কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠানটি কি কার্যকর পদক্ষেপ নিয়েছে? আশার কথা, খুলনায় নির্বাচনের প্রাক্কালে যেমন অস্থির ও উদ্বেগজনক পরিস্থিতি ছিল, গাজীপুরে তেমনটি লক্ষ করা যায়নি। প্রার্থীরা মোটামুটি নির্বিঘ্নে প্রচারকাজ চালিয়েছেন; যদিও বিএনপির পক্ষ থেকে অভিযোগ ছিল নির্বাচনী প্রচারে নিয়োজিত তাদের কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সার্বিক পরিবেশ এখনো নিয়ন্ত্রণে আছে বলে ধারণা করি।
তবে শেষ ২৪ ঘণ্টা ও ভোট গ্রহণের সময়টি নিয়ে ভোটারদের ভয় ও শঙ্কা রয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব সেই ভয় ও শঙ্কা দূর করা, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন। আগের কোনো কোনো নির্বাচনের মতো যেন শুনতে না হয়, ‘আপনাদের ভোটটি দেওয়া হয়ে গেছে।’
যেকোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রার্থী নিয়োজিত নির্বাচনী এজেন্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর এজেন্টকে ভয়ভীতি দেখানো হলে কিংবা ভোটকেন্দ্রে যেতে দেওয়া না হলে বুঝতে হবে এর পেছনে কোনো অভিসন্ধি আছে। গাজীপুর সিটি নির্বাচনে সে ধরনের অভিসন্ধি যাতে কাজ করতে না পারে, সে জন্য কমিশনকে সর্বশক্তি নিয়োগ করতে হবে। নির্বাচনের কাজে নিয়োজিত কোনো ব্যক্তি যাতে কোনো প্রার্থীর প্রতি পক্ষপাত না করতে পারে, সে বিষয়েও তাদের সজাগ থাকতে হবে।
সংশ্লিষ্টদের মনে রাখতে হবে, সব বাধা ও সংশয় অতিক্রম করে গাজীপুরে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তপূর্ণ নির্বাচন করাই এখন নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ।