গাজীপুরে আজ বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের যে জনসভায় খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা, সভাস্থলে ১৪৪ ধারা জারির মাধ্যমে তা বানচাল করা যারপরনাই দুঃখজনক। এই জনসভাকে প্রতিহত করার লক্ষ্যে সরকারপন্থী ছাত্রলীগ-যুবলীগের জবরদস্তিমূলক আচরণ দেশবাসী কয়েক দিন ধরে লক্ষ করেছে। পুলিশ ছাত্রলীগ-যুবলীগকে লাঠিমিছিল করতে দিয়েছে, কিন্তু বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের মিছিল শুরু হওয়ার আগেই ছত্রভঙ্গ করে দিয়েছে। অবশেষে পুলিশ ১৪৪ ধারা জারি করে সরকারের অগণতান্ত্রিক ইচ্ছা চরিতার্থ করল।
রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে ক্ষমতাসীন দলের অঙ্গ বা সহযোগী সংগঠনের পাশাপাশি আইন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইচ্ছামতো ব্যবহার কোনো সরকারকে লাভবান করে না; বরং সরকারের এই অন্যায্য, অগণতান্ত্রিক আচরণের ফলে সরকার জনসাধারণের বিরাগভাজন হয়; অন্যায় জবরদস্তির শিকার বিরোধী দলগুলোর প্রতি জনসাধারণের সহানুভূতি ও সমর্থন বাড়তে পারে।
গাজীপুর নিয়ে উত্তাপতা ছাড়া দমন-পীড়নের ফলে বিরোধী দলগুলোর পিঠ দেয়ালে ঠেকে গেলে তারাও বেপরোয়া আচরণ করতে পারে। এর ফল দেশের জন্য ভালো হতে পারে না। বিএনপির পক্ষ থেকে এই জনসভা অনুষ্ঠানের ব্যাপারে যেভাবে দৃঢ়প্রত্যয় ঘোষণা করা হচ্ছিল, তাতে মুখোমুখি সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছিল। অথচ কোনো গণতান্ত্রিক দেশে একটি জনসভা বা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনকে কেন্দ্র করে এমন উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা নয়।
আমরা মনে করি, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আজকের জনসভা বাধা না দিয়ে তা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সরকারের সব ধরনের সহযোগিতা করা উচিত ছিল। ভবিষ্যতে এমন অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি কাম্য নয়। উভয় পক্ষের আচরণ হওয়া উচিত গণতান্ত্রিক; জনগণ উভয় পক্ষের কাছ থেকেই পরমতসহিষ্ণুতা প্রত্যাশা করে। বর্তমান সরকারের দিক থেকে যে অসহিষ্ণুতা লক্ষ করা যাচ্ছে, তা কাঙ্ক্ষিত নয়। অন্যদিকে বিএনপির শীর্ষ নেতৃত্বেরও উপলব্ধি করা উচিত যে তাদের স্বার্থেই লন্ডনপ্রবাসী তারেক রহমানের লাগামহীন উসকানিমূলক কথাবার্তা বন্ধ করা উচিত।