গাজীপুরে ফসলি জমিতে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, কৃষিজমিতে বা এর আশপাশে ইটভাটা নির্মাণ নিষিদ্ধ হলেও গাজীপুর সিটি করপোরেশনসহ জেলার বেশ কয়েকটি এলাকায় ফসলি জমি নষ্ট করে ইটভাটা নির্মাণ করা হয়েছে। এসব ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করলেও এগুলো বন্ধে প্রশাসনসহ সংশ্লিষ্ট কারও কোনো উদ্যোগ নেই।
রোববার প্রকাশিত প্রথম আলোর খবর অনুযায়ী, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ২৬টি ইটভাটা গড়ে উঠেছে। চলতি বছর আরও ৫টি ভাটা হচ্ছে। এর মধ্যে ২টির কাজ শেষ, ৩টির নির্মাণকাজ চলছে। ফসলি জমি, নদীর তীর ঘেঁষেই এসব ভাটা গড়ে উঠেছে। ভাটাগুলোয় ব্যবহারের জন্য আবাদি জমির উপরিভাগ থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। এ কারণে দিন দিন কৃষিজমি উর্বরতা শক্তি হারাচ্ছে, উৎপাদনও হ্রাস পাচ্ছে। এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় এলাকার বাতাস দূষিত হয়ে পড়ছে। ফলে মানুষ চর্ম, শ্বাসকষ্ট ও হাঁপানিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এলাকার গাছপালাও মারা যাচ্ছে।
আইন অমান্য করে এসব ইটভাটা গড়ে উঠলেও এগুলো বন্ধে বা স্থানান্তরে প্রশাসনসহ সংশ্লিষ্ট কারও কোনো তৎপরতা না থাকাটা খুবই দুঃখজনক। আইনে যেখানে কারাদণ্ডের ও জরিমানার বিধান রয়েছে, সেখানে দিনের পর দিন এসব ইটভাটা চলছে কীভাবে? প্রশাসন তৎপর হলে কোনোভাবেই এভাবে ফসলি জমি নষ্ট করে ইটভাটা গড়ে উঠতে পারত না। তাহলে কি আমরা ধরে নেব যে প্রশাসনের কারও এতে স্বার্থ রয়েছে?
তবে শুধু গাজীপুরেই নয়, দেশের বিভিন্ন স্থানে এভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে লোকালয় ও ফসলি জমিতে অনেক ইটভাটা গড়ে উঠেছে। এসব অবৈধ ইটভাটার বেশির ভাগই কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করছে। মানে এই ইটভাটাগুলো গাছও উজাড় করছে। পরিবেশদূষণ করে ও জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলে যারা এভাবে ইটভাটা গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন আরও কঠোর করা ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।