আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষে জনসভা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। বিএনপির নেতা তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে উসকানিমূলক মন্তব্য করেছেন, তা নিন্দনীয়। কিন্তু ওই মন্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপিকে কোথাও জনসভা বা শোভাযাত্রা করতে দেওয়া হবে না, ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের এই ঘোষণা সংবিধানের ৩৭ অনুচ্ছেদের লঙ্ঘন।
এটা দুঃখজনক যে গাজীপুরের প্রশাসন একটি শান্তিপূর্ণ জনসভা করতে দেওয়ার পথ রুদ্ধ করেছে। বরং তাদের ভূমিকায় মনে হওয়া অস্বাভাবিক নয় যে তারা ছাত্রলীগের সমাবেশবিরোধী অবস্থানই সমর্থন করেছে। বিএনপি যথানিয়মে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মাঠে সভা করার অনুমতি চেয়েছিল। কিন্তু প্রশাসন কেন যথাসময়ে তা দেয়নি, সেটাই বিরাট প্রশ্ন। তারা যথাসময়ে অনুমতি দিলে ছাত্রলীগ একই দিনে একই সময়ে জনসভার ঘোষণা দেওয়ার সুযোগ পেত না।
গাজীপুরে সমাবেশ হচ্ছে না, ১৪৪ ধারা জারিপ্রশাসনের কাছে সব সময় নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত। গাজীপুরের জেলা প্রশাসন সেটি পালন করতে ব্যর্থই হয়নি, তাদের কর্মকাণ্ডে ক্ষমতাসীনদের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। টঙ্গীর টেনিস মাঠ ও কোনাবাড়ী কলেজ মাঠে জনসভা করার বিকল্প জায়গা ছিল। প্রশাসনের কর্তব্য ছিল বিবদমান দুই পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় আসা। সেদিকে না গিয়ে তারা একই সময়ে পাল্টাপাল্টি জনসভার যুক্তি দেখিয়ে ১৪৪ ধারা জারি করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। এর প্রতিবাদে বিএনপি যে হরতাল গাজীপুরবাসীর ওপর চাপিয়ে দিল, তার দায় প্রশাসনও এড়াতে পারে না।
প্রশাসনের দায়িত্ব জননিরাপত্তা রক্ষা, ক্ষমতাসীন দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা নয়। হরতালের কারণে শিল্পাঞ্চল গাজীপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন ব্যাহত হয়েছে, তেমনি গণ ও পণ্য পরিবহনেও ঘটেছে বিপর্যয়। রাজনীতিতে এই বৈরিতা চলতে থাকলে দেশের অর্থনীতি ফের উল্টো দিকে যাত্রা করবে সন্দেহ নেই।
আশা করব, সরকার বিএনপির সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হবে। জনসভা বন্ধ করার নীতি জননিরাপত্তা বা গণতন্ত্র—দুটোর জন্যই বিপজ্জনক।