গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এম এ মান্নানের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্যায় ব্যবহার ন্যক্কারজনক পর্যায়ে পৌঁছে গেছে। গত বৃহস্পতিবার তাঁকে তৃতীয়বারের মতো বরখাস্ত করা হয়েছে। অবশ্য রোববার তাঁর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন।
২০১৩ সালের নির্বাচনে গাজীপুর সিটি করপোরেশনের ভোটাররা এম এ মান্নানকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান প্রায় সোয়া লাখ। কিন্তু এই নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করতে পেরেছেন ১৮ মাস ১৯ দিন আর কারাভোগ করেছেন ২২ মাস। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে ২৯টি, তাঁকে বরখাস্ত করা হয়েছে তিনবার। এই সবকিছুর কারণ শুধু এই যে, তিনি সরকারের প্রতিপক্ষ দল বিএনপির নেতা এবং সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় অবশ্য এই নির্বাচিত জনপ্রতিনিধিকে বারবার বরখাস্ত করার কারণ দেখিয়েছে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা। কিন্তু সেসব অভিযোগ উচ্চ আদালতের রায়ে খারিজ হয়েছে; আগের দুবারই তিনি মেয়রের দায়িত্ব ফিরে পেয়েছেন আদালতের রায়ের বলে। ফলে এটা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে তাঁকে মেয়রের দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। এটা আরও স্পষ্ট হয়েছে এই বাস্তবতা থেকে যে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে আওয়ামী লীগের সমর্থকেরা তাঁকে সংঘবদ্ধভাবে বর্জন করে চলেছেন এবং তৃতীয়বারের মতো আওয়ামী লীগদলীয় ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমানকে দৃষ্টিকটু রকমের দ্রুততার সঙ্গে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিতে দেখা গেছে।
দলীয় রাজনৈতিক স্বার্থবুদ্ধির কারণে স্থানীয় সরকারব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্তরকে প্রায় অকার্যকর করে ফেলার দৃষ্টান্ত শুধু গাজীপুর সিটি করপোরেশন নয়; খুলনা, রাজশাহী ও সিলেটের নির্বাচিত মেয়রদের ক্ষেত্রেও এমনটা দেখা গেছে। কারণ, তাঁরা প্রতিপক্ষ বিএনপির সমর্থক। লক্ষণীয় বিষয় হলো, ওই মেয়ররাও আদালতের আদেশে নিজ নিজ দায়িত্বে পুনর্বহাল হয়েছেন। অর্থাৎ, রাজনৈতিক উদ্দেশ্যে এই মেয়রদের হয়রানি আদালতের রায়ের মাধ্যমেও প্রতিভাত হচ্ছে।
এসবের ফলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দারা। কারণ, গত চার বছরে সেখানে উন্নয়ন কর্মকাণ্ড প্রায় কিছুই হয়নি। তা ছাড়া তাঁদের নির্বাচিত মেয়রকে মামলার অজুহাতে বারবার বরখাস্ত করার মধ্য দিয়ে তাঁদের ভোটের প্রতি অশ্রদ্ধারও প্রকাশ ঘটছে।
এসব বন্ধ করা উচিত। স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার অঙ্গীকার ভুলে যাওয়া এবং তার উল্টো কাজ করা উচিত নয়। জনগণের ভোটের প্রতি শ্রদ্ধাশীল হওয়া একান্ত প্রয়োজন। নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার বদলে সহযোগিতা করা উচিত।