গাফিলতির দায় কে নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

আশ্রয়ণ প্রকল্প দুইয়ের আওতায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৩৩৩টি গৃহহীন পরিবারকে বাড়ি করে দিচ্ছে সরকার। তার মধ্যে দুর্গাপুর ব্যারাকে ৪৬টি ঘর তৈরির কাজ এখন শেষ পর্যায়ে আছে। তারই ১১টি ঘরের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। কিন্তু কেন? কাজ কি নিম্নমানের হয়েছে? না, তেমন কোনো অভিযোগ কেউ করেনি। তাহলে কি নিম্নমানের সামগ্রী দিয়েছে ঠিকাদার? না, উপজেলা প্রশাসন নিজেই সরাসরি কাজ তত্ত্বাবধান করছে। তাহলে? ভেঙেছে জায়গার দোষে। সব ঘরই নিচু জমিতে করা হচ্ছে, এত নিচু যে জোয়ারে বাড়ির আঙিনা পর্যন্ত ডুবে যায়। সেই পানিতেই ভেসে গেছে ঘরের মেঝেতে ফেলা বালু, নড়বড়ে হয়ে গেছে বাড়ির অবকাঠামো, ভেঙে পড়েছে বারান্দা, থাম।

প্রকল্পের জন্য দুর্গাপুরের পোনা নদীর পারের নিচু একটা জমি নির্বাচন করে কর্তৃপক্ষ। স্বাভাবিক জোয়ারেই জায়গাটা ডুবে যায়। তা ছাড়া আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র—এই তিন মাস জায়গাটা জলাবদ্ধও থাকে। এমন জায়গাতেই সরকার নির্ধারিত গণনকশায় ঘর তুলছে তারা। সব জায়গায় একই ধাঁচে যে ঘর করা যায় না, এই সামান্য কাণ্ডজ্ঞানটাও তারা বিবেচনায় নেয়নি। কোনো জায়গায় ঘর তোলার আগে সেখানকার ভূগোল বিবেচনায় নিতে হবে, মাথায় রাখতে হবে ওখানকার জলহাওয়ার গতিবিধি। নিয়মিত জোয়ার-ভাটা হয়, এমন নিচু একটা জায়গাকে কেন ঘর তোলার জন্য বিবেচনা করা হলো, তাই তো আমাদের মাথায় আসে না। আর সুবিধাজনক বিকল্প কোনো জায়গা যদি না-ই পাওয়া যায়, তাহলে নিচু জায়গাকে তো আগে মাটি ফেলে উঁচু করে নিতে হবে, তারপর না ঘর। তা–ও যদি না করা যায়, তাহলে অবকাঠামোটাই এমনভাবে করতে হবে, যেন পানি উঠলেও ঘরের কোনো ক্ষতি না হয়। দুর্গাপুরে ঘরগুলো করার সময় এগুলোর কোনোটাই মনে হয় বিবেচনায় নেওয়া হয়নি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে, কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়া শুরু করেছে ঘরদুয়ার।

আসলে দেশের নানা প্রান্তে চলমান আশ্রয়ণ প্রকল্পের অনেক জায়গাতেই কেমন যেন কোনোরকমে দায়সারাভাবে কাজটা শেষ করার একটা প্রবণতা লক্ষ করা যাচ্ছে। প্রকৃত ভুক্তভোগীর জন্য টেকসই কিছু করার যে আন্তরিকতা, অনেক কর্মকর্তার মধ্যেই তা দেখা যাচ্ছে না। নইলে এত মহতী একটা উদ্যোগ নিয়ে কেন এই দায়িত্বহীনতা? ৬৬ হাজার গৃহহীন পরিবারকে বাড়ি করে দেওয়া হয়েছে, আরও প্রায় ৯ লাখের তালিকা হয়েছে, যাদের পর্যায়ক্রমে ঘর করে দেওয়া হবে। এটা কি হেলাফেলার কোনো বিষয়? এই যে প্রতিটি ১ লাখ ৭১ হাজার টাকা খরচ করে ১১টি ঘর বানানো হলো, যেগুলোতে মনে হচ্ছে কেউ আর থাকতে পারবে না, এগুলোর দায়দায়িত্ব কে নেবে? বাকি ৩৫টি ঘরেরই বা কী হবে?